অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ চত্বরে প্রায় ৬০০ জন অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী জোরপূর্বক প্রবেশ করেছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ইসরায়েলি পুলিশের কঠোর নিরাপত্তায় তারা মসজিদের পশ্চিম দেয়ালে অবস্থিত মরক্কো গেট দিয়ে এই চত্বরে ঢোকে।
জেরুজালেমের ইসলামিক এনডাউমেন্টস ডিপার্টমেন্টের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, সকালের দিকে অন্তত ৫৮৪ জন বসতি স্থাপনকারী সেখানে প্রবেশ করেছে এবং দুপুরের নামাজের পর আরও দল সেখানে আসবে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অনুপ্রবেশকারী এসব দলের অনেকেই মসজিদ চত্বরের ভেতরে ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও নাচের আয়োজন করে। স্থানীয়দের মতে, এই কর্মকাণ্ড পবিত্র স্থানটির দীর্ঘদিনের মর্যাদা ও নিয়মনীতি লঙ্ঘন করেছে।
বৃহস্পতিবার হিব্রু ক্যালেন্ডারের নতুন মাসের প্রথম দিন হওয়ায় এমন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। ২০০৩ সাল থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ মসজিদ চত্বরে বসতি স্থাপনকারীদের এ ধরনের প্রবেশের অনুমতি দেওয়া শুরু করে। এরপর থেকে শুক্রবার ও শনিবার ছাড়া সপ্তাহের অন্য দিনগুলোতে এই অনুপ্রবেশ এক নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে এবং সময়ের সাথে সাথে অংশগ্রহণকারীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
আল-আকসা মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে গণ্য। ইহুদিরা এই চত্বরকে ‘টেম্পল মাউন্ট’ হিসেবে অভিহিত করে এবং এটিকে দুটি প্রাচীন ইহুদি মন্দিরের স্থান বলে দাবি করে। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে এবং ১৯৮০ সালে এলাকাটি সংযুক্ত করে, যা আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি।

