ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৮ আগস্ট থেকে নতুন এক প্রযুক্তিভিত্তিক ব্যবস্থা চালু করছে হাইওয়ে পুলিশ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর এই ‘অটো ফাইন সিস্টেম’ মহাসড়কে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কার্যকর, স্বচ্ছ ও আধুনিক ব্যবস্থা হিসেবে কাজ করবে।
হাইওয়ে পুলিশের পক্ষ থেকে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত গতিসীমা অতিক্রম (ওভারস্পিড), অবৈধ পার্কিং এবং উল্টোপথে গাড়ি চালানোসহ ট্রাফিক আইন লঙ্ঘনের প্রতিটি ঘটনা এই এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে। আইন অমান্যকারী যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে মামলার বিস্তারিত তথ্য পৌঁছে যাবে। মামলার নোটিশ পাওয়ার পর মালিকরা বিকাশ বা নগদের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে দ্রুত জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন।
পুলিশের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এই প্রযুক্তির ব্যবহারে মহাসড়কে ট্রাফিক আইন অমান্যের ঘটনা দ্রুত শনাক্ত করা, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা এবং বিধি অনুযায়ী জরিমানা আদায়ের প্রক্রিয়া আরও দ্রুত, নির্ভুল ও কার্যকর করা সম্ভব হবে। কর্তৃপক্ষ আশা করছে, এই আধুনিক ব্যবস্থা মহাসড়কে ট্রাফিক আইন প্রতিপালনে জনসচেতনতা বৃদ্ধি, যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

