২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ টুর্নামেন্টটি গান্ধী জয়ন্তী বা মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ২ অক্টোবর শুরু করার পরিকল্পনা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যদিও এই টুর্নামেন্টের শুরুর তারিখ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে শান্তি ও অহিংসার প্রতীক এই নেতার প্রতি শ্রদ্ধা জানাতেই আইসিসি এমন উদ্যোগের দিকে কাজ করছে বলে জানা গেছে। মহাত্মা গান্ধীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার গভীর সম্পর্ক রয়েছে; তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের রূপকার হিসেবে দীর্ঘ ২১ বছর দক্ষিণ আফ্রিকায় অতিবাহিত করেছিলেন। বর্তমানের মেরুকৃত বিশ্ব পরিস্থিতিতে এই সিদ্ধান্তের মাধ্যমে একটি শক্তিশালী বার্তা দেওয়ার চেষ্টা করছে আইসিসি।
প্রাথমিকভাবে আইসিসি ৮ অক্টোবর টুর্নামেন্টটি শুরুর পরিকল্পনা করেছিল। এর আগে ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত ওয়ার্ম-আপ ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেই পরিকল্পনায় পরিবর্তন এনে মূল টুর্নামেন্ট ২ অক্টোবর থেকে শুরু করার প্রস্তুতি চলছে, যেখানে ওয়ার্ম-আপ ম্যাচগুলো তার আগেই সম্পন্ন করা হবে। টুর্নামেন্টের ফাইনাল ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে, যার ফলে ১৪ দলের এই বিশ্বকাপ প্রায় ৫০ দিনব্যাপী চলবে।
সম্প্রতি জোহানেসবার্গে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আইসিসি এই বিশ্বকাপের ১২টি ভেন্যু ঘোষণা করেছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকায় ৮টি, জিম্বাবুয়েতে ৩টি এবং নামিবিয়ার রাজধানী উইন্ডহোকে ১টি ভেন্যু রয়েছে। দক্ষিণ আফ্রিকার ভেন্যুগুলো হলো জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম, সেঞ্চুরিয়ন (সোয়ানে), কেপ টাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, ডারবানের কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড, গকেবেরহার সেন্ট জর্জেস পার্ক, ব্লুমফন্টেইনের ম্যাঙ্গাওং ওভাল, পার্লের বোল্যান্ড পার্ক এবং বাফেলো পার্ক (পূর্ব লন্ডন)। জিম্বাবুয়ের ভেন্যুগুলো হলো হারারে স্পোর্টস ক্লাব, কুইন্স স্পোর্টস ক্লাব (বুলাওয়ে) এবং মোসি-ওয়া-তুনিয়া ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম (ভিক্টোরিয়া ফলস)। নামিবিয়ার একমাত্র ভেন্যু হিসেবে থাকছে নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড (উইন্ডহক)।
২০২৭ বিশ্বকাপের ফরম্যাটেও পরিবর্তন আনা হয়েছে। র্যাঙ্কিংয়ের তলানির তিনটি দল নিয়ে একটি মিনি-লিগ বা 'সুপার সিরিজ' অনুষ্ঠিত হবে। সেই সিরিজের বিজয়ী দল বাকি ১১টি দলের সঙ্গে যোগ দিয়ে ১২ দলের মূল পর্বে খেলবে। এরপর দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে এবং গ্রুপ পর্বের পর সুপার সেভেন, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান ইতিমধ্যে বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে। বাকি চারটি দলের নাম আগামী বছর অনুষ্ঠিত বাছাইপর্বের মাধ্যমে নিশ্চিত হবে, যেখানে স্বাগতিক নামিবিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডসহ মোট ১০টি দল অংশ নেবে।

