নিউজিল্যান্ড ক্রিকেট তাদের জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে সাবেক উইকেটরক্ষক-ব্যাটার বিজে ওয়াটলিংকে নিয়োগ দিয়েছে। আগামী ডিসেম্বরে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর তিনি লুক রনকির কাছ থেকে এই দায়িত্ব গ্রহণ করবেন।
২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়াটলিং নিউজিল্যান্ডের হয়ে ৭৫টি টেস্ট, ২৮টি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্ট ক্যারিয়ারে তিনি ৩৭.৫২ গড়ে ৩,৭৯০ রান করেছেন, যা নিউজিল্যান্ডের কোনো উইকেটরক্ষক-ব্যাটারের জন্য সর্বোচ্চ। ২০২১ সালে উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন। সব মিলিয়ে ১৭৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তিনি ১৮টি সেঞ্চুরিসহ ১০,০৩৪ রান করেছেন।
নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) তথ্য অনুযায়ী, ওয়াটলিং আগামী ১৬ নভেম্বর দলের সাথে যোগ দেবেন। এরপর তিনি রনকির সাথে একটি ট্রানজিশন বা রূপান্তর সময়কাল অতিবাহিত করবেন। ৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্টের সিরিজের আগেই তিনি পুরোপুরি দায়িত্ব বুঝে নেবেন। অবসরের পর থেকে ওয়াটলিং ঘরোয়া ক্রিকেটে ওয়েলিংটন ফায়ারবার্ডস ও নর্দার্ন ডিস্ট্রিক্টস দলের কোচ হিসেবে কাজ করেছেন। নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়ে তিনি ২০২৫-২৬ মৌসুমে সুপার স্ম্যাশ এবং ২০২৪-২৫ মৌসুমে প্লাঙ্কেট শিল্ড জয়ের স্বাদ পেয়েছেন।
নিজের নতুন দায়িত্ব নিয়ে ওয়াটলিং জানান, তিনি এই সুযোগ পেয়ে অত্যন্ত উচ্ছ্বসিত। বর্তমান দলের সাথে কাজ করা এবং বিগত বছরগুলোতে দল ও সাপোর্ট স্টাফদের অর্জনকে এগিয়ে নেওয়ার জন্য তিনি মুখিয়ে আছেন।
নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক টম ল্যাথাম ওয়াটলিংয়ের নিয়োগকে স্বাগত জানিয়েছেন। ল্যাথাম বলেন, 'বিজে এমন একজন ব্যক্তি যিনি ব্ল্যাক ক্যাপস হওয়ার প্রকৃত অর্থ ধারণ করেন। তার মতো কাউকে দলে ফিরে পাওয়া আমাদের পরিবেশের জন্য দারুণ হবে। মাঠে তার প্রচেষ্টা ও সংকল্প নিয়ে কখনোই কোনো সন্দেহ ছিল না, আমার বিশ্বাস তার কোচিং শৈলীতেও সেই একই মানসিকতা প্রতিফলিত হবে।'
এর আগে গত জুলাই মাসে এনজেডসি নিশ্চিত করেছিল যে, লুক রনকি ছয় বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করবেন। রনকি বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের প্রধান কোচ হিসেবে যোগ দেওয়ার চুক্তি করেছেন। এ বছর তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের দায়িত্বও পালন করেছেন।

