ব্রিটিশ রাজকুমারী ইউজেনি তার প্রথম কন্যা সন্তানের নাম ঘোষণা করেছেন। সোমবার ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, তার নবজাতক কন্যার নাম রাখা হয়েছে অ্যাডিলেড এলিজাবেথ অ্যানিনা। গত ৩ আগস্ট পর্তুগালের লিসবনে শিশুটির জন্ম হয়। জন্মের সময় তার ওজন ছিল ৬ পাউন্ড ৯ আউন্স বা প্রায় ৩ কেজি।
রাজকুমারী ইউজেনি ও তার স্বামী জ্যাক ব্রুকসব্যাংকের এটি তৃতীয় সন্তান। এর আগে তাদের ঘরে অগাস্ট নামের ৫ বছর বয়সী এবং আর্নেস্ট নামের ৩ বছর বয়সী দুই ছেলে রয়েছে। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রাজকুমারী লিখেছেন, দুই সপ্তাহ আগে আমরা আমাদের কন্যাকে পৃথিবীতে স্বাগত জানিয়েছি। এরপর থেকে আমরা অত্যন্ত বিশেষ, আরামদায়ক এবং ভালোবাসাভরা সময় কাটাচ্ছি।
রাজকুমারী ইউজেনি প্রয়াত রানী এলিজাবেথ দ্বিতীয়-এর নাতনি এবং সাবেক প্রিন্স অ্যান্ড্রু ও তার সাবেক স্ত্রী সারাহ ফার্গুসনের ছোট মেয়ে। তিনি রাজা তৃতীয় চার্লসের ভাতিজি। রাজপরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটির নাম রাখা হয়েছে এমন তিনজনের সম্মানে যাদের তারা অতীতে ও বর্তমানে গভীরভাবে ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন। একই সঙ্গে শিশুটির ইংরেজি ও পর্তুগিজ শেকড়ের প্রতিফলনও ঘটেছে এই নামকরণে।
নাম নির্বাচনের ক্ষেত্রে রাজা চতুর্থ উইলিয়ামের স্ত্রী রানী অ্যাডিলেড (১৭৯২-১৮৪৯) এবং পর্তুগালের মারিয়া অ্যাডিলেডের অনুপ্রেরণা কাজ করেছে। এছাড়া 'অ্যানিনা' নামটি রাখা হয়েছে রাজকুমারীর এক ঘনিষ্ঠ বন্ধুর নামানুসারে।

