আওয়ামী লীগের নেত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন। মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তৌফিক নেওয়াজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু। তিনি জানান, তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার দুপুরের পর তার জানাজা ও দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজ ধ্রুপদী সংগীতের চর্চাও করতেন। ২০১৯ সালে তিনি স্ট্রোক করেছিলেন। গত ২৭ মে তাকে হুইলচেয়ারে করে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করানোর জন্য।
