গত রবিবার ডজার স্টেডিয়ামে লস অ্যাঞ্জেলেস ডজার্স বনাম মিলওয়াকি ব্রুয়ার্সের ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন পপ তারকা জাস্টিন বিবার ও তার স্ত্রী মডেল হেইলি বিবার। ম্যাচের পরদিন জাস্টিন তার ইনস্টাগ্রামে হেইলির সঙ্গে চুম্বনের একটি ছবি পোস্ট করেন। এই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজরে আসার পর বেশ আলোচনার জন্ম দেয়।
জাস্টিন হার্বার্টের বাগদত্তা এবং গায়িকা ম্যাডিসন বিয়ার সেই পোস্টে মন্তব্য করেন, “প্যারেন্টস”। জাস্টিন ও হেইলি দম্পতির জ্যাক ব্লুজ নামে একটি সন্তান রয়েছে, যার জন্ম হয়েছে ২০২৪ সালের আগস্ট মাসে। এই কারণেই ম্যাডিসন বিয়ার তাদের উদ্দেশ্যে এই মন্তব্যটি করেছেন।
জাস্টিন বিবার ও হেইলির সঙ্গে ম্যাডিসন বিয়ারের দীর্ঘ দুই দশকের বেশি সময়ের পরিচয়। গত ২৮ এপ্রিল কসমোপলিটানকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাডিসন তাদের সঙ্গে বন্ধুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমি জাস্টিন ও হেইলিকে খুব ভালোবাসি। কিছুদিন আগেই তাদের সঙ্গে দেখা হয়েছে এবং আমরা কথা বলছিলাম যে আমাদের পরিচয় কত পুরনো। আমি হেইলিকে চিনি যখন আমার বয়স ১০, আর জাস্টিনকে চিনি ১২ বছর বয়স থেকে। আমরা এখনো একে অপরের জীবনে আছি এবং এখন তারা বিবাহিত ও সন্তানের বাবা-মা।”
উল্লেখ্য, ২০১২ সালে ১২ বছর বয়সে এট্টা জেমসের ‘অ্যাট লাস্ট’ গানটি কাভার করার মাধ্যমে জাস্টিন বিবারের নজরে আসেন ম্যাডিসন। এরপর জাস্টিন তাকে আইল্যান্ড রেকর্ডসে যুক্ত হতে সাহায্য করেন। পরবর্তীতে ২০১৩ সালের সেপ্টেম্বরে ১৪ বছর বয়সে ম্যাডিসনের প্রথম মূলধারার গান ‘মেলোডিস’ মুক্তি পায়।
এদিকে, সংগীত ক্যারিয়ারে সফল হলেও ২০২৬ এমটিভি ভিএমএ-তে কোনো মনোনয়ন না পাওয়ায় ম্যাডিসন বিয়ারকে নিয়ে ভক্তরা ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে, গত ২৮ জুলাই জাস্টিন হার্বার্ট ও ম্যাডিসন বিয়ার তাদের বাগদানের খবর ঘোষণা করেন। এরপর ২৯ জুলাই ‘আপ অ্যান্ড অ্যাডামস শো’-তে কোচ জিম হার্বাউ এই জুটির জন্য শুভকামনা জানিয়ে বলেন, “একসাথে মানুষের অজানা অদম্য উৎসাহ নিয়ে প্রতিটি দিন মোকাবিলা করা উচিত।”

