রাজধানীর খিলক্ষেত লেক সিটির এ অ্যান্ড এএমএস গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনালে নোয়াখালী শহর শাখাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নরসিংদী জেলা শাখা। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস বিভাগের উদ্যোগে আয়োজিত এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার সম্পন্ন হয়েছে।
‘জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৫ জুন নকআউট পদ্ধতিতে এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছিল। এতে সারাদেশের মোট ১৩৮টি শাখা অংশ নেয়। টুর্নামেন্টের সেমিফাইনালে দিনাজপুর শহর শাখার বিপক্ষে নোয়াখালী শহর শাখা এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার বিপক্ষে নরসিংদী জেলা শাখা প্রতিদ্বন্দ্বিতা করে ফাইনালে জায়গা করে নিয়েছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী, ফাইনালে চ্যাম্পিয়ন দলকে নগদ ৫০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ৩০ হাজার টাকাসহ উভয় দলকে মেডেল ও ট্রফি প্রদান করা হয়।
ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। জুলাইয়ের স্মৃতিকে ধারণ করে ছাত্রশিবিরের মাসব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সংগঠনের গৃহীত কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল জুলাইয়ে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করা। দীর্ঘ ১৫ বছর ক্ষমতা কুক্ষিগত করে লুটপাট, গুম, খুন ও আয়নাঘর প্রতিষ্ঠা করা ফ্যাসিবাদের দোসরদের বিচার বাংলার মাটিতে নিশ্চিত করে একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা তাদের অন্যতম দাবি ছিল।
শিবির সভাপতি আরও বলেন, গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করাও তাদের দাবি ছিল। তবে বর্তমান সরকার জনগণের সেই রায়ের সঙ্গে স্পষ্ট বেঈমানি করছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথা বললেও তারা আসলে কোন অক্ষরের কথা বলছে, তা জনগণের কাছে বোধগম্য নয়। বরং জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে প্রশাসনের প্রতিটি স্তরে নিজেদের দলীয় লোক নিয়োগের মাধ্যমে পুনরায় ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েমের চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদসহ কেন্দ্রীয় সেক্রেটারিয়েটের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শাখার নেতারা।

