কুঁচকির (groin) গুরুতর চোটে পুরো ইংলিশ গ্রীষ্ম মৌসুম থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার স্যাম কারান। কাউন্টি ক্লাব সারে নিশ্চিত করেছে যে, কারানের চোটের অবস্থা মূল্যায়ন করার পর আগামী শুক্রবার (২১ আগস্ট) তার কুঁচকিতে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অতিরিক্ত ওয়ার্কলোডের কারণে কারান বেশ কিছুদিন ধরেই ছোটখাটো শারীরিক সমস্যা বা 'নিগেল'-এ ভুগছিলেন। এই কারণেই পাকিস্তানের বিপক্ষে প্রথম দুটি টেস্টের স্কোয়াডে তাকে বিবেচনা করা হয়নি। চলতি মাসের শুরুর দিকে ইংল্যান্ডের নির্বাচক মার্কাস নর্থ বলেছিলেন, প্রথম দুটি টেস্টে তাকে খেলানোটা অন্যায় হতো। আমাদের মেডিকেল টিম ও ব্যাকরুম স্টাফরা আগামী সপ্তাহগুলোতে তাকে নিয়ে কাজ করবে, যাতে তৃতীয় টেস্টে সে খেলার মতো অবস্থায় ফিরতে পারে। অলরাউন্ডার হিসেবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় সে অত্যন্ত মূল্যবান একজন খেলোয়াড়।
কারানকে শেষবার মাঠে দেখা গেছে 'দ্য হান্ড্রেড' টুর্নামেন্টে, যেখানে তিনি এমআই লন্ডনের নেতৃত্ব দিয়েছিলেন। এর আগে ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজেও অংশ নিয়েছিলেন তিনি। এর আগে কুঁচকির চোটের কারণে তিনি ২০২৬ সালের আইপিএল থেকেও ছিটকে গিয়েছিলেন। গত মার্চে এই চোটের বিষয়ে কারান নিজেই বলেছিলেন, চোটটি নিয়ে তিনি কিছুটা লড়াই করছেন এবং এটি ধীরে ধীরে বেশ খারাপের দিকে গেছে।
আইপিএলের শেষভাগে রাজস্থান রয়্যালসের ক্রিকেট পরিচালক কুমার সাঙ্গাকারা আইপিএলে কারানের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আইপিএল শেষ করা এই চোট সত্ত্বেও সারের হয়ে কারানকে ম্যাচ খেলতে দেখে সাঙ্গাকারা বিষয়টিকে হতাশাজনক বলে মন্তব্য করেছিলেন।
এদিকে কারানের পাশাপাশি সারের আরেক তারকা উইল জ্যাকসও কাউন্টি চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবারের (২০ আগস্ট) ম্যাচে খেলতে পারেননি। অ্যাপেন্ডিক্স অপসারণের অপারেশনের পর বর্তমানে পুনর্বাসনে আছেন জ্যাকস। আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সিরিজের আগে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দলে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে ডিভিশন ওয়ান কাউন্টি চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে রয়েছে সারে। জ্যাকস এবং ড্যান লরেন্সের অনুপস্থিতিতে তৈরি হওয়া শূন্যতা পূরণে তারা মহিপাল লোমরোরকে দলে ভিড়িয়েছে, যা কারানের ছিটকে যাওয়ার পর দলটির জন্য আরও বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।

