ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনহো ইতালির ফুটবলে তার নতুন অধ্যায় শুরু করতে রাভেনা শহরে পৌঁছেছেন। ফরলি বিমানবন্দরে অবতরণের পর তিনি রোমানিয়া শহরের এই ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছেন, যা ক্লাবটির জন্য গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে চমকপ্রদ সাইনিং হিসেবে বিবেচিত হচ্ছে।
কররিয়েরে দেল্লো স্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, ক্লাবের প্রেসিডেন্ট ইগনাজিও সিপ্রিয়ানি জানিয়েছেন যে, বন্ধুত্ব এবং আবেগের কারণেই রোনালদিনহো এই ক্লাবে যোগ দিতে রাজি হয়েছেন। উল্লেখ্য যে, এই ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এসি মিলানের সাবেক স্পোর্টিং ডিরেক্টর আরিয়েদো ব্রাইদাও রয়েছেন।
নতুন ক্লাবে যোগ দিয়ে রোনালদিনহো তার উচ্ছ্বাস গোপন করেননি। তিনি বলেছেন, "আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত, বন্ধুদের মাঝে আছি। আমরা আশা করছি দলের জন্য সবকিছু ভালোভাবেই চলবে। আমি এখানে এসেছি দলকে সাহায্য করতে, অন্যান্য খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে এবং একটি দুর্দান্ত মৌসুম কাটিয়ে জয়লাভ করতে।"
ইতালিতে নিজের আগের সময়কাল বা মিলানে খেলার স্মৃতিচারণ করতে গিয়ে রোনালদিনহো একটি বিশেষ মুহূর্তের কথা উল্লেখ করেন। তিনি বলেন, "ইতালিতে আমার সময়ের কথা বলতে গেলে, অনেক ভালো স্মৃতিই রয়েছে, তবে ডার্বি ম্যাচে করা গোলটি আমার কাছে সবচেয়ে আনন্দের স্মৃতিগুলোর একটি।"

