শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) তাদের সিনিয়র পুরুষ দলের ব্যাটিং কোচ হিসেবে প্রাক্তন লঙ্কান তারকা হাশান তিলকারত্নেকে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে। ৫৯ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ এখন থেকে এসএলসি’র ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন।
হাশান তিলকারত্নে দীর্ঘদিনের কোচিং অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যক্তি। এর আগেও তিনি জাতীয় পুরুষ দলের ব্যাটিং কোচ এবং নারী দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন।
তিলকারত্নের এই নিয়োগ অবিলম্বে কার্যকর হয়েছে এবং এটি ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। তার খেলোয়াড়ি জীবন ছিল অত্যন্ত উজ্জ্বল; তিনি শ্রীলঙ্কার হয়ে ৮৩টি টেস্ট ও ২০০টি ওয়ানডে ম্যাচ খেলে মোট ৮২০০-এর বেশি রান সংগ্রহ করেছেন। এছাড়া ১৯৯৬ সালে বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

