ইতালিয়ান ক্লাব জেনোয়া তাদের আক্রমণভাগের শক্তি বাড়াতে প্রেস্টন নর্থ এন্ডের স্ট্রাইকার মিলুতিন ওসামজিচকে দলে ভেড়ানোর চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই চুক্তির জন্য জেনোয়া ৩.৫ মিলিয়ন ইউরো এবং অতিরিক্ত বোনাস দেওয়ার প্রস্তুতি নিয়েছে।
প্রাক-মৌসুমে জেনোয়ার আক্রমণভাগে খেলোয়াড় সংকট ছিল স্পষ্ট, বিশেষ করে জেফ একাতোর জুভেন্টাসে যোগ দেওয়ার পর এই অভাব আরও প্রকট হয়ে ওঠে। ক্লাবটি এর আগে মেহদি তারেমি এবং ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের ইভান ফার্গুসনের মতো খেলোয়াড়দের কথা বিবেচনা করেছিল। ফার্গুসন রোমায় হতাশাজনক লোণ মৌসুম কাটিয়ে আসার পর জেনোয়ার নজরে ছিলেন। তবে সব বিকল্প যাচাইয়ের পর এখন তারা ওসামজিচকে দলে টানার বিষয়ে আলোচনা এগিয়ে নিয়েছে।
মন্টিনিগ্রোর জাতীয় দলের হয়ে খেলা ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার গত মৌসুমে প্রেস্টনের হয়ে চ্যাম্পিয়নশিপের ২৮ ম্যাচে আটটি গোল করেছেন। আন্তর্জাতিক ফুটবলে তিনি ৩৬ ম্যাচে ৯টি গোল করেছেন। ২০২৩ সালের গ্রীষ্মে স্প্যানিশ ক্লাব কাদিজ থেকে ২.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে প্রেস্টন নর্থ এন্ডে যোগ দিয়েছিলেন ওসামজিচ। বর্তমানে তার চুক্তির মেয়াদ চলতি মৌসুম শেষ হওয়া পর্যন্ত থাকলেও, জেনোয়া তাকে পেতে বর্ধিত মূল্য পরিশোধ করতে রাজি হয়েছে।

