বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে প্রশ্ন উত্থাপন করেন। এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন যে, শাহবাগ স্কয়ারে বক্তৃতা দেওয়া আর পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা নয়। তার এই মন্তব্যকে তিনি ‘শাহবাগ স্কয়ার’ ও ‘পল্টন ময়দানের বক্তৃতা’ হিসেবে অভিহিত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন। হাসনাত আব্দুল্লাহসহ একাধিক সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের কড়া সমালোচনা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন যে, তিনি কাউকে উদ্দেশ্য করে কিছু বলেননি।
এক পর্যায়ে নিজের অবস্থান সামাল দিতে স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দীন আহমদের কাছে ‘শেল্টার’ বা আশ্রয় প্রার্থনা করেন। তবে স্পিকারের মধ্যস্থতায়ও বিরোধী দলের সদস্যদের শান্ত করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তোপের মুখে পড়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আই উইথড্র-আই উইথড্র, এবার আপনারা খুশি?’

