মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) হেফাজতে আটক হয়েছেন উগ্র ডানপন্থী রাজনৈতিক ভাষ্যকার এবং নির্বাসন সমর্থক মাইলো ইয়ানোপোলাস। মার্কিন সরকারি কর্মকর্তা ও সংস্থার রেকর্ড অনুযায়ী, তিনি বর্তমানে চূড়ান্ত বহিষ্কারাদেশের মুখে রয়েছেন।
ব্রিটিশ নাগরিক ইয়ানোপোলাসকে নিউ অরলিন্স এলাকা থেকে আটক করা হয়েছে এবং তাকে বর্তমানে লুইজিয়ানার একটি আইসিই হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) একজন মুখপাত্র জানিয়েছেন, ইয়ানোপোলাস ২০১৯ সালে বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেও পরবর্তীতে আইনের লঙ্ঘন করে ভিসার মেয়াদের চেয়ে বেশি সময় অবস্থান করেছেন।
ডিএইচএস মুখপাত্র আরও জানান, ইয়ানোপোলাস তার নির্ধারিত অভিবাসন শুনানিতে উপস্থিত হতে ব্যর্থ হন। এর প্রেক্ষিতে গত ২২ জুলাই একজন অভিবাসন বিচারক তার বিরুদ্ধে চূড়ান্ত বহিষ্কারাদেশ জারি করেন। তাকে বর্তমানে বহিষ্কারের অপেক্ষায় আইসিই হেফাজতে রাখা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইয়ানোপোলাস নিউ অরলিন্সে ছিলেন, যেখানে শিল্পী ইয়ে (যিনি আগে কানিয়ে ওয়েস্ট নামে পরিচিত ছিলেন) এর একটি কনসার্ট হওয়ার কথা ছিল। ইয়ানোপোলাস অতীতে ইয়ের রাজনৈতিক ও করপোরেট কর্মকাণ্ডে কাজ করেছেন।
ডিএইচএস মুখপাত্র বলেন, ডিটেনশনে থাকাটা একটি পছন্দ। আমরা সকল অবৈধ অভিবাসীদের সিবিপি হোম অ্যাপের মাধ্যমে নিজেদের প্রস্থান নিয়ন্ত্রণ করতে উৎসাহিত করছি। যুক্তরাষ্ট্র এখন অবৈধ অভিবাসীদের ৩,০০০ ডলার এবং নিজ দেশে ফিরে যাওয়ার জন্য বিনামূল্যে বিমান টিকিট দিচ্ছে।
ইয়ানোপোলাস অতীতে আইসিই-এর অভিবাসন প্রয়োগকারী প্রচেষ্টাকে জোরালোভাবে সমর্থন করেছেন। তিনি গত বছরের জুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন যে, ক্যালিফোর্নিয়ায় সুপারমার্কেট, গ্যাস স্টেশন এবং সরকারি ভবনের প্রবেশপথে আইসিই চেকপয়েন্ট থাকা উচিত এবং যারা বৈধতার প্রমাণ দিতে পারবে না, তাদের তাৎক্ষণিক বহিষ্কার করা প্রয়োজন। এছাড়া সেপ্টেম্বর মাসে তিনি আইসিই এজেন্টদের জন্য দায়মুক্তি দাবি করেছিলেন এবং জুন মাসে লাখ লাখ মানুষকে বহিষ্কারের ওপর জোর দিয়েছিলেন।

