সৌদি আরবের তায়েফ শহরে এক সশস্ত্র সন্ত্রাসীর গুলিতে মো. কামরুল হোসেন (৩৭) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। ঘটনার পর ওই হামলাকারী সৌদি তরুণ নিজেও নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টার দিকে তায়েফের হাওয়াইয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত কামরুল হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবপুর গ্রামের কাজী বাড়ির খোরশেদ আলমের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের চাচাতো ভাই মো. সোলেমান রাসেল এবং কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু নাসের চৌধুরী রোববার দিবাগত রাত ১২টার দিকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের পারিবারিক সূত্র জানায়, তিন বছর আগে ঋণ করে কামরুল জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। ঘটনার দিন কামরুল তার কর্মস্থল সুপার মার্কেটের ডিউটি শেষ করে বাইরে দাঁড়িয়ে স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন। ঠিক সেই মুহূর্তে এক অস্ত্রধারী সৌদি তরুণ তাকে লক্ষ্য করে গুলি চালায়। প্রাণ বাঁচাতে কামরুল দৌড়ে মার্কেটের ভেতরে ঢুকে পড়েন এবং আতঙ্কে সেখানে কর্মরত অন্য দুই কর্মীও পালিয়ে যান। এরপর হামলাকারী মার্কেটের ভেতরে ঢুকে কামরুলকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। সবশেষে ওই হামলাকারী নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে।

