ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) দলীপ ট্রফির ফাইনাল ম্যাচটি বেঙ্গালুরু থেকে সরিয়ে চেন্নাইয়ে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের অংশগ্রহণে আয়োজিত এই ম্যাচটি যাতে সাধারণ দর্শক মাঠে বসে উপভোগ করতে পারেন, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেবজিৎ সাইকিয়া আরও জানান, টুর্নামেন্টের দুটি কোয়ার্টার ফাইনাল ও দুটি সেমিফাইনাল বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে (সিওইর) অনুষ্ঠিত হবে। তবে সরকারি কিছু বিধিনিষেধের কারণে সেখানে দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতি বিবেচনায় নিয়েই ফাইনাল ম্যাচটি চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে স্থানান্তরিত করা হয়েছে।
আসন্ন এই ইন্টার-জোনাল রেড-বল মাল্টি-ডে টুর্নামেন্টটি ২৩ আগস্ট থেকে শুরু হবে। শুরুর দিনই ইস্ট জোন বনাম নর্থ ইস্ট জোন এবং নর্থ জোন বনাম ওয়েস্ট জোনের দুটি কোয়ার্টার ফাইনাল একই সময়ে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সেমিফাইনালগুলো শুরু হবে ৩০ আগস্ট। এরপর ৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে পাঁচ দিনের ফাইনাল ম্যাচ। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালগুলো চার দিনের হবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করা হবে এবং ফাইনালসহ গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ টেলিভিশনেও দেখা যাবে। উল্লেখ্য, গতবারের ফাইনালে সাউথ জোনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেন্ট্রাল জোন।

