ইউরোপীয় ফুটবলে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে হারের পর অনেকেই ইন্টার মিলানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। তবে সেই কঠিন পরিস্থিতি কাটিয়ে ইন্টার শুধু ঘুরে দাঁড়ায়নি, বরং নিজেদের শক্ত মানসিকতার প্রমাণ দিয়ে ঘরোয়া ডাবল জিতেছে। ক্লাবের তুর্কি মিডফিল্ডার হাকান চালহানোগ্লু সম্প্রতি এক সাক্ষাৎকারে ইন্টারের ঘুরে দাঁড়ানো এবং নতুন কোচ ক্রিস্টিয়ান কিভুর অধীনে দলের চমৎকার পরিবেশ নিয়ে খোলামেলা কথা বলেছেন।
প্রতি বছরই দলবদলের মৌসুমে চালহানোগ্লুর ইন্টার ছাড়ার গুঞ্জন ওঠে, বিশেষ করে তুর্কি ক্লাব গালাতাসারাইয়ের সাথে তার নাম জড়ানো হয়। তবে ইন্টারের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এই মিডফিল্ডার বিইন স্পোর্টস অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ধাক্কা সামলে ক্লাবের সাম্প্রতিক স্কুডেট্টো জয়টি ছিল অত্যন্ত বিশেষ কিছু। তিনি বলেন, সবাই ভাবছিল ইন্টার বোধহয় শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই দলের মানসিকতা অনেক দৃঢ়। যেকোনো কঠিন পরিস্থিতিতে আমরা সাড়া দিতে জানি। আমরা অনেক বছর ধরে একসাথে খেলছি, তাই পরিস্থিতি কীভাবে সামাল দিতে হয় তা আমাদের জানা। কোনো কিছু ঠিকঠাক না চললে দল হিসেবে আমরা তার জবাব দিতে পারি।
২০২৫ সালের গ্রীষ্মে সিমোনে ইনজাগির স্থলাভিষিক্ত হয়ে ইন্টারের প্রধান কোচের দায়িত্ব নেন ক্রিস্টিয়ান কিভু। সিনিয়র পর্যায়ে কোচিংয়ের তেমন অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তিনি প্রথম মৌসুমেই দলকে সিরি এ এবং কোপা ইতালিয়া জিতিয়ে ঘরোয়া ডাবল এনে দেন। সাবেক কোচ ইনজাগি সম্পর্কে চালহানোগ্লু বলেন, সিমোনে ইনজাগির বিরুদ্ধে বলার মতো কিছুই নেই। তিনিই আমাকে ইন্টারে এনেছিলেন এবং তার অধীনে একজন খেলোয়াড় ও মানুষ হিসেবে আমি অনেক উন্নত হয়েছি।
তবে বর্তমান কোচ কিভু সম্পর্কে তার মূল্যায়ন কিছুটা ভিন্ন ও আবেগপূর্ণ। চালহানোগ্লু বলেন, কিভুর বিষয়টি আলাদা। তিনি ফুটবলের চেয়েও একজন মানুষের অনুভূতির দিকে বেশি নজর দেন। আপনার কেমন লাগছে তা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ এবং তিনি সব বিষয়ে আলোচনার জন্য উন্মুক্ত। তিনি আপনাকে আত্মবিশ্বাসী করে তোলেন। মাঠের বাইরে তিনি আমাদের কাছে একজন ভাই বা বন্ধুর মতো, যার সাথে যেকোনো বিষয়ে কথা বলা যায়। আমার ব্যক্তিগত অনেক সমস্যা সমাধানে তিনি আমাকে দারুণ সাহায্য করেছেন।
ইন্টারে পাঁচ বছর কাটিয়ে আটটি ট্রফি জেতা এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা চালহানোগ্লু জানান, তাদের মূল লক্ষ্য সর্বদা লিগে আধিপত্য বজায় রাখা। ইতালিয়ান ফুটবল বা সিরি এ-র সমালোচনা প্রসঙ্গে তিনি এই লিগের পক্ষে দাঁড়িয়ে বলেন, সিরি এ একটি অত্যন্ত শক্তিশালী লিগ। আতালান্তা এবং ফিওরেন্টিনার মতো দলগুলো এখন অনেক ভালো খেলোয়াড় কিনছে। আমার মতে, ইংলিশ ও স্প্যানিশ লিগের পর সিরি এ বিশ্বের সেরা তিনটি লিগের একটি।
সাক্ষাৎকারের শেষ অংশে চালহানোগ্লু তার স্বপ্নের ফুটবলার তৈরির খেলায় মেতে ওঠেন। তার মতে, আদর্শ খেলোয়াড়ের ডান পা হতে হবে জর্জিনহোর মতো, বাম পা মেসির মতো, গতি হতে হবে প্রাইম টাইমের কাইল ওয়াকারের মতো, শক্তি হাল্কের মতো, ড্রিবলিং দক্ষতা নেইমারের মতো এবং শ্যুটিং হতে হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো।
ক্লাব ফুটবলে তার সেরা সতিনিধিদের তালিকায় তিনি হিউং-মিন সন ও জ্লাতান ইব্রাহিমোভিচের নাম নেন। পাশাপাশি ইন্টার থেকে মার্কাস থুরামের খেলার শৈলী তার খুব পছন্দ বলে জানান। আর তুরস্ক জাতীয় দলের হয়ে তার খেলা সেরা সতীর্থদের মধ্যে তিনি আরদা তুরান, এমরে বেলোজোগ্লু এবং বর্তমান তরুণ তারকা কেনান ইলদিজের নাম উল্লেখ করেন।

