থাইল্যান্ডে সরকারি কার্যালয়ে সাবেক আইনপ্রণেতার গুলিতে নিহত ১

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি সরকারি কার্যালয়ে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে প্রাদেশিক প্রশাসনিক সংস্থার প্রধান নির্বাহী নিহত এবং তার গাড়িচালক আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক এক আইনপ্রণেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ছালং রিউরেং। তিনি থাইল্যান্ডের সাবেক একজন সংসদ সদস্য (আইনপ্রণেতা)। থাই পুলিশের ধারণা, তার মূল লক্ষ্য ছিলেন নোন্থাবুরি প্রাদেশিক প্রশাসনিক সংস্থার প্রধান নির্বাহী থংচাই ইয়েনপ্রাসের্ট। গুলিতে মুখে ও ঘাড়ে গুরুতর জখম হওয়া থংচাইকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। হামলায় তার গাড়িচালকের বাহুতে গুলি লাগলেও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

আঞ্চলিক পুলিশ কমান্ডার ওয়াতানা ইজিন জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া ছালং রিউরেং পুলিশের কাছে গুলির কথা স্বীকার করেছেন। এই হামলার পেছনে ব্যক্তিগত শত্রুতা ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ ছিল বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছালং বলেন, থংচাইকে তিনি কিছু টাকা ধার দিয়েছিলেন এবং তা নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি চলছিল। একপর্যায়ে তিনি থংচাইয়ের গাড়ির পিছু নেন এবং নিজের অস্ত্র বের করেন।

নিজের আত্মপক্ষ সমর্থনে সাবেক এই আইনপ্রণেতা দাবি করেন, থংচাইকে গুলি করার কোনো উদ্দেশ্য তার ছিল না। কিন্তু গাড়িচালকও তার দিকে বন্দুক তাক করায় তিনি গুলি চালাতে বাধ্য হন। নোন্থাবুরির জনগণের কাছে দুঃখ প্রকাশ করে ছালং বলেন, 'আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমরা বন্ধু ছিলাম এবং ভেবেছিলাম আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেব, কিন্তু সে আমার সাথে কথাই বলতে চায়নি।'

এই ঘটনাটি থাইল্যান্ডে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে, কারণ মাত্র কয়েক দিন আগেই একই প্রদেশে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছিল। গত শুক্রবার নোন্থাবুরির দেবসিরিন নোন্থাবুরি স্কুলে এবং নিজের বাড়িতে এক ১৪ বছর বয়সী শিক্ষার্থী গুলি চালিয়ে অন্তত আটজনকে হত্যা করার পর নিজে আত্মহত্যা করে। নিহতদের মধ্যে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রী, স্কুলের পাঁচজন কর্মী এবং ওই কিশোরের নিজের দাদা-দাদী ছিলেন।

ডেপুটি আঞ্চলিক পুলিশ কমান্ডার আত্থাপোল আনুসিত জানিয়েছেন, স্কুলছাত্রের ওই হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে জানা গেছে, পারিবারিক ও স্কুল সংক্রান্ত নানা সমস্যায় ভুগছিল সে। তার ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করে সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংস কনটেন্ট দেখার প্রমাণ পেয়েছে পুলিশ। এছাড়া গত বছর সে স্কুলে একটি বিবি গান (খেলনা বন্দুক) নিয়ে এসেছিল, যা শিক্ষকরা বাজেয়াপ্ত করেছিলেন।

এশিয়ায় বেসামরিক নাগরিকদের মধ্যে অস্ত্র রাখার হারের দিক থেকে থাইল্যান্ডের অবস্থান বেশ ওপরের দিকে। পাকিস্তানের পরেই এশিয়ায় সবচেয়ে বেশি বন্দুক রয়েছে থাইল্যান্ডে, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য প্রতিবেশীদের তুলনায় অনেক বেশি। ২০১৭ সালের 'স্মল আর্মস সার্ভে'র তথ্য অনুযায়ী, থাইল্যান্ডে প্রতি ১০০ জনের বিপরীতে বেসামরিক অস্ত্র মালিকানার হার ১৫.১, যেখানে পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়ায় এই হার ১ শতাংশেরও কম।

দেশটিতে ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী প্রতি ১ লাখ মানুষের বিপরীতে বন্দুকের গুলিতে মৃত্যুর হার ৩.৪৯। থাইল্যান্ডে নির্বিচারে সাধারণ মানুষকে লক্ষ্য করে বন্দুক হামলার ঘটনা সচরাচর দেখা না গেলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে হাই-প্রোফাইল বন্দুক হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে দেশটির দক্ষিণাঞ্চলে এক ১৭ বছর বয়সী কিশোর পুলিশ স্টেশন থেকে বন্দুক চুরি করে একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে হামলা চালায়। প্রায় দুই ঘণ্টা ধরে জিম্মি নাটকের পর ওই হামলায় একজন নিহত এবং দুজন আহত হয়েছিলেন।

শিরোনাম :
টি-টোয়েন্টি মুম্বাই লিগে নতুন দল, দরপত্র আহ্বান এমসিএ-র হোয়াইট হাউসের নতুন কাউন্সেল হিসেবে উইল শার্ফের নাম ঘোষণা ট্রাম্পের সংযুক্ত আরব আমিরাতে গুরুত্বপূর্ণ খাতে সাইবার হামলা প্রতিহত অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার সুযোগ পেয়ে গর্বিত তাসকিন শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা ফেরানোর প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ ‘স্টিফ কারি অনন্যসাধারণ খেলোয়াড়’: মন্টা এলিসের দাবি ওড়ালেন শ্যানন শার্প দিয়াবিকে পেতে আল-ইতিহাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটার অপেক্ষায় ইন্টার মিলান থ্যাঙ্কসগিভিং বাতিল বিতর্কে উইসকনসিনের ডেমোক্র্যাট প্রার্থী ফ্রান্সেসকা হং ‘নাক দিয়ে জোর করে নল ঢুকিয়ে দিত’ রাশিয়ার তাতারস্তানে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ১৩ জনের মৃত্যু টি-টোয়েন্টি মুম্বাই লিগে নতুন দল, দরপত্র আহ্বান এমসিএ-র হোয়াইট হাউসের নতুন কাউন্সেল হিসেবে উইল শার্ফের নাম ঘোষণা ট্রাম্পের সংযুক্ত আরব আমিরাতে গুরুত্বপূর্ণ খাতে সাইবার হামলা প্রতিহত অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার সুযোগ পেয়ে গর্বিত তাসকিন শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা ফেরানোর প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ ‘স্টিফ কারি অনন্যসাধারণ খেলোয়াড়’: মন্টা এলিসের দাবি ওড়ালেন শ্যানন শার্প দিয়াবিকে পেতে আল-ইতিহাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটার অপেক্ষায় ইন্টার মিলান থ্যাঙ্কসগিভিং বাতিল বিতর্কে উইসকনসিনের ডেমোক্র্যাট প্রার্থী ফ্রান্সেসকা হং ‘নাক দিয়ে জোর করে নল ঢুকিয়ে দিত’ রাশিয়ার তাতারস্তানে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ১৩ জনের মৃত্যু