প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারী লেফট্যানেন্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করেছেন। বুধবার রাতে পেন্টাগনের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সিলভিয়ার বিরুদ্ধে গণমাধ্যমে শ্রেণিবদ্ধ বা গোপন তথ্য ফাঁসের অভিযোগ রয়েছে। ওই কর্মকর্তা জানান, সিলভিয়া এ বিষয়ে তিনটি পলিগ্রাফ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন এবং বিষয়টি তদন্তের জন্য মার্কিন বিচার বিভাগের কাছে পাঠানো হয়েছে।
সিলভিয়া জয়েন্ট চিফস অফ স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতি বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। সামরিক পরিভাষায় এই পদটি 'জে৫' (J5) হিসেবে পরিচিত। হেগসেথের অধীনে এটি দ্বিতীয় কোনো জেনারেলের অপসারণের ঘটনা। এর আগে গত অক্টোবরে তার পূর্বসূরি লেফট্যানেন্ট জেনারেল জোসেফ ম্যাকজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, সিলভিয়ার স্থলে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
জয়েন্ট স্টাফের এক মুখপাত্র এক বিবৃতিতে ব্রেট সিলভিয়া ও তার পরিবারের প্রতি ৩২ বছরের সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সাধারণত জে৫ পরিচালক জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান এবং প্রেসিডেন্টের সাথে সামরিক পরিকল্পনা প্রণয়ন ও সমন্বয়ের দায়িত্বে থাকেন। এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প বারবার ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের ইঙ্গিত দিচ্ছেন। আট মাস আগে ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর পর থেকে প্রেসিডেন্ট ইরানকে নিয়ে কাজ শেষ করার অঙ্গীকার করেছেন এবং আগামী সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনের পর নতুন হামলার বিকল্প খোলা রাখার কথা জানিয়েছেন।
মার্কিন কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে নির্বাচনের পর সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপ এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। বর্তমানে ওই অঞ্চলে একটি তৃতীয় বিমানবাহী রণতরী এবং অতিরিক্ত হাজার হাজার সেনা মোতায়েন করা হচ্ছে।
সিলভিয়ার সরকারি জীবনী অনুযায়ী, জয়েন্ট স্টাফে যোগ দেওয়ার আগে তিনি মে ২০২৫ পর্যন্ত কেনটাকির ফোর্ট ক্যাম্পবেলে ১০১তম এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডার ছিলেন। তবে বর্তমানে তার সেই জীবনী অনলাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
গত মাসে হেগসেথ ২০২৭ সালের ১ জানুয়ারির মধ্যে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সংখ্যা ২০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছিলেন। বর্তমানে প্রায় ৮০০ ফ্ল্যাগ এবং জেনারেল অফিসার পদ রয়েছে। গত ৩০ সেপ্টেম্বর মেরিন কোর বেস কোয়ান্টিকোতে হেগসেথ এই সিদ্ধান্তকে 'জবাবদিহিতা' হিসেবে অভিহিত করেন। তবে কংগ্রেসের অনেক সদস্য এই ছাঁটাইকে 'পার্জ' বা শুদ্ধি অভিযান হিসেবে সমালোচনা করছেন। অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি হেগসেথের এই পদক্ষেপের সমালোচনা করে বলেছেন, সামরিক নেতৃত্বের প্রতি তার গভীর ক্ষোভ রয়েছে এবং তিনি এক প্রজন্মের সেরা নেতাদের সরিয়ে দিচ্ছেন, যা থেকে উত্তরণ পেতে কয়েক দশক সময় লেগে যেতে পারে।

