বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত জনআকাঙ্ক্ষাকে অসম্মান করা যাবে না। শনিবার বিকালে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী থেকে শুরু হওয়া এই জোটের বিভাগীয় কর্মসূচির সমাপনী আয়োজনে তিনি গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং জুলাই বিপ্লবে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবি জানান।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে যারা সরকার পরিচালনা করছেন, তারাও একসময় নির্যাতিত ছিলেন। কিন্তু এখন তারা সেই অভিজ্ঞতা ভুলে গিয়ে আওয়ামী লীগের শাসনব্যবস্থার পথেই হাঁটছেন। তিনি রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ ও দুর্নীতির বিস্তারের অভিযোগ তোলেন। তিনি বলেন, আমরা শহীদদের সঙ্গে, জুলাইযোদ্ধাদের সঙ্গে এবং ১৮ কোটি মানুষের সঙ্গে বেঈমানি করব না। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ পরিবর্তন ও সংস্কারের পক্ষে মত দিয়েছেন। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণের আকাঙ্ক্ষাকে অসম্মান করা হবে। আমরা গণভোটকে অপমান করতে দেব না এবং এর রায় বাস্তবায়নের মধ্য দিয়েই আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবে। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না। ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি ফ্যাসিবাদ কায়েম করেন, তবে জনগণ আপনাদেরও ছাড় দেবে না।
সিলেটবাসীকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামনে আন্দোলনের ডাক আসবে এবং ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। দেশ থেকে ফ্যাসিবাদ, দুর্নীতি ও চাঁদাবাজি দূর না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। এছাড়া সিলেটের স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘস্থায়ী দুর্ভোগ নিরসনে দ্রুত কাজ শেষ করার দাবি জানান। তিনি বলেন, সমুদ্রের ঢেউ দেখতে বঙ্গোপসাগরে যাওয়ার প্রয়োজন নেই, ঢাকা থেকে সিলেট এলেই তা বোঝা যায়।
সমাবেশে সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মাওলানা মুমিনুল হক, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আব্দুল কাইয়ুম সুবহানী, খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান একেএম আমজাদুল ইসলাম চান।
জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান সমাবেশে বলেন, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লব অনিবার্য। তিনি আরও বলেন, ভবিষ্যৎ বাংলাদেশে আধিপত্যবাদের কোনো স্থান নেই। এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার ফুয়াদ বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে বদলে যাওয়া বাংলাদেশে আধিপত্যবাদের আর কোনো স্থান নেই এবং আওয়ামী লীগ কোনোভাবেই ফিরে আসবে না।

