জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে সাংবাদিক মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’ এর ১০(১) ধারা অনুযায়ী এই নিয়োগ কার্যকর হবে। নিয়োগের শর্ত অনুযায়ী, মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।
যোগদানের তারিখ থেকে ১ (এক) বছর মেয়াদে এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী পরবর্তীতে চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

