৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ও ভারতীয় ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ লেগস্পিনার কার্ন শর্মা। শনিবার (২২ আগস্ট) রাতে ইউপি টি-টোয়েন্টি লিগের কানপুর সুপারস্টারস ও মিরাট মাভরিক্সের মধ্যকার ম্যাচের পর তিনি তার এই সিদ্ধান্তের কথা জানান। আগামী ২৫ আগস্ট লখনউ পর্বে কানপুরের হয়ে নিজের শেষ ম্যাচটি খেলবেন তিনি।
কার্ন শর্মার আন্তর্জাতিক ক্যারিয়ার সংক্ষিপ্ত হলেও তা বেশ স্মরণীয়। ২০১৪ সালে তিনি ভারতের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটেই প্রতিনিধিত্ব করেছেন। ওই বছর আইপিএলে ১৫ উইকেট নিয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বার্মিংহামে তার টি-টোয়েন্টি অভিষেক হয়, যেখানে তিনি জো রুটকে আউট করেছিলেন। একই বছর কলকাতায় ওয়ানডে অভিষেক হয় তার, যে ম্যাচে রোহিত শর্মা বিশ্বরেকর্ড গড়ে ২৬৪ রান করেছিলেন। এছাড়া, এক মাস পর অ্যাডিলেডে বিরাট কোহলির টেস্ট অধিনায়কত্বের অভিষেক ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে কার্নকে একাদশে নেওয়া হয়েছিল। সেই টেস্টে ৪ উইকেট নিলেও এরপর আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি তিনি।
তবে তার ঘরোয়া ক্যারিয়ার ছিল প্রায় দুই দশকের দীর্ঘ। ২০০৭ সালে রেলওয়েজের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়ার পর তিনি অন্ধ্র ও বিদর্ভ ও রেলওয়েজের হয়ে খেলেছেন। আইপিএলেও তিনি নিয়মিত মুখ ছিলেন এবং তার ক্যারিয়ারে মোট চারটি শিরোপা জিতেছেন। এর মধ্যে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা তিন বছর সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের হয়ে শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে তার।
সব মিলিয়ে ৯৭টি প্রথম শ্রেণির ম্যাচে কার্ন ২৭০টি উইকেট শিকার করেছেন। এছাড়া ব্যাট হাতে তিনি ২,৮৬৬ রান করেছেন, যার মধ্যে দুটি সেঞ্চুরি রয়েছে। তার প্রথম সেঞ্চুরিটি এসেছিল জম্মু ও কাশ্মীরের বিপক্ষে রঞ্জি ট্রফিতে অভিষেক ম্যাচেই।

