খুলনা মহানগরীর লবণচরা থানাধীন হরিণটানা ৮০ বিঘা কালভার্ট সংলগ্ন এলাকায় একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নাজমুল (২৫) নামের এক যুবককে গুলি করা হয়। গুলির পর তিনি দৌড়ে একটি বাড়ির গলিতে গিয়ে আশ্রয় নেন, সেখানেই তার মৃত্যু হয়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দ মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কাজ চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কে বা কারা নাজমুলকে গুলি করেছে, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে একই দিন বিকেল পৌনে ৬টার দিকে ওই একই এলাকায় হামলার আরেকটি ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সুজন হাওলাদারের চায়ের দোকানের সামনে রাজমিস্ত্রি মো. মনজুরুল ইসলাম (২৩)-এর ওপর একদল সন্ত্রাসী আক্রমণ চালায়। অভিযোগ রয়েছে, চিহ্নিত সন্ত্রাসী আলামিন হাসান সাইফির নেতৃত্বে কালা রায়হান, শামীম ও ফারদিনসহ ৮-১০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মনজুরুলের ওপর হামলা করে। এতে তিনি গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।
একই এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবকের ওপর হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

