প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৪৮। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উদ্যোগে আয়োজিত ‘রেনাল ট্রান্সপ্ল্যান্টেশন অ্যাট বিএমইউ: কারেন্ট স্কোপ, চ্যালেঞ্জেস অ্যান্ড ফিউচার পারসপেক্টিভস— ডোনার অ্যান্ড রিসিপেন্ট’ শীর্ষক এক বিশেষ সেমিনারে কিডনি প্রতিস্থাপনের আধুনিক পদ্ধতি ও এর সহজলভ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সোমবার সকাল ৮টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ব্লকের মিলন হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে নেফ্রোলজি ও ইউরোলজি বিভাগের বিশেষজ্ঞরা কিডনি প্রতিস্থাপনের বর্তমান কার্যক্রম, গবেষণার ফলাফল, ডোনার ও রিসিপিয়েন্ট ব্যবস্থাপনা, সার্জিক্যাল অগ্রগতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. আফজালুন্নেসা। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম, অধ্যাপক ডা. তৌহিদ মো. সাইফুল হোসেন এবং নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. কবির হোসেন।
অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম কিডনি ট্রান্সপ্ল্যান্টের ধাপগুলোর চ্যালেঞ্জ ও সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন। তিনি বাংলাদেশে প্রথমবারের মতো সম্পন্ন হওয়া ইমোশনাল ডোনার ট্রান্সপ্ল্যান্টের সফলতার বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশে কিডনি প্রতিস্থাপনের সুযোগ আরও সম্প্রসারণ করতে ডোনার ও রিসিপিয়েন্ট ব্যবস্থাপনার পাশাপাশি নতুন পদ্ধতি গ্রহণ করা জরুরি। এ সময় তিনি পেয়ার্ড ডোনার ট্রান্সপ্ল্যান্ট চালুর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
নিজের উপস্থাপনায় অধ্যাপক রফিক সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের কিডনি প্রতিস্থাপনের হারের একটি তুলনামূলক চিত্র তুলে ধরেন। এছাড়া বাংলাদেশে এই চিকিৎসা পদ্ধতি সহজতর করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও নীতিগত উদ্যোগের ওপর আলোকপাত করেন। তিনি সফল কিডনি প্রতিস্থাপনে অবদানের জন্য প্রয়াত অধ্যাপক সাজিদ হাসান, মুলজীবাই প্যাটেল ইউরোলজিক্যাল হাসপাতালের ডা. মহেশ দেসাই এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ভাস্কুলার সার্জারি বিভাগের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিএমইউর প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রো-ভিসি (গবেষণা) অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার, ইউরোলজি ও নেফ্রোলজি বিভাগের প্রধানসহ বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়াও সেমিনারে বিএমইউ ও ঢাকার বিভিন্ন ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসক এবং পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন।

