যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় ১০ নভেম্বর সন্ধ্যা ৬টার ঠিক আগে নর্থ হলিউড এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, ৬১ বছর বয়সী ইগর ডেমিয়ানেঙ্কো তার গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে চালাচ্ছিলেন। এক পর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে থাকা পথচারী ও রাস্তার পাশের খাবার বিক্রেতাদের ওপর গিয়ে আছড়ে পড়ে। পুলিশ জানায়, গাড়িটি যখন পথচারীদের ধাক্কা দেয়, তখন মানুষ এবং বিভিন্ন মালামাল চারদিকে ছিটকে পড়ে। ইগর ডেমিয়ানেঙ্কো নিজেও গাড়ির ভেতরে আটকা পড়েছিলেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিন নারীকে মৃত ঘোষণা করেন প্যারামেডিকরা। গুরুতর আহত আরও দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা সবাই ৪০ থেকে ৬০ বছর বয়সী হিস্পানিক নারী। তবে তাদের পরিবারের সদস্যদের অবহিত করার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পুলিশ তাদের নাম প্রকাশ করেনি।
ঘটনার সময় ইগর ডেমিয়ানেঙ্কো সামান্য আঘাত পেয়েছেন। পুলিশ তাকে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর বিষয়টি নিশ্চিত করেছে। এরপরই তার বিরুদ্ধে তিনটি হত্যার অভিযোগ আনা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, এই ঘটনায় তার জামিন ৬ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।
