যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (DHS) নিশ্চিত করেছে যে, উগ্র ডানপন্থী ভাষ্যকার এবং অভিবাসনবিরোধী প্রচারক মাইলো ইয়ানোপোলাসকে দেশটি থেকে বিতাড়িত করা হয়েছে। ২৯ আগস্ট দেওয়া এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, ২৮ আগস্ট তাকে তার নিজ দেশ যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয়েছে।
ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) তাকে লুইসিয়ানার কেনার শহরের লুই আর্মস্ট্রং নিউ অরলিন্স আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে। DHS-এর তথ্য অনুযায়ী, ইয়ানোপোলাস ২০১৯ সালের ১৪ মে নিউইয়র্ক শহরের মাধ্যমে বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তবে পরবর্তীতে তিনি দেশটির আইন লঙ্ঘন করে অনুমোদিত সময়ের চেয়ে বেশি সময় অবস্থান করেন।
এর আগে, গত ২২ জুলাই একজন ইমিগ্রেশন বিচারক তার ইমিগ্রেশন শুনানিতে হাজির না হওয়ার কারণে তাকে চূড়ান্ত অপসারণের আদেশ দিয়েছিলেন। ইয়ানোপোলাস অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানকারীদের তাৎক্ষণিক বিতাড়নের উদ্দেশ্যে আইসিই চেকপয়েন্ট স্থাপনের দাবি জানিয়েছিলেন।
মাইলো ইয়ানোপোলাস মূলত প্রথম ট্রাম্প প্রশাসনের আগের বছরগুলোতে একজন ডানপন্থী ভাষ্যকার হিসেবে পরিচিতি পান। তিনি ব্রেইটবার্ট নিউজে কাজ করার সময় নব্য-নাৎসি এবং শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর কণ্ঠস্বর হয়ে ওঠেন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার বিতর্কিত সফরগুলোতে তিনি নারীবাদ, ইসলাম, ব্ল্যাক লাইভস ম্যাটার এবং ট্রান্সজেন্ডার ইস্যুর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সমালোচিত হয়েছিলেন।

