নিখোঁজ মিরাজকে জীবিত উদ্ধারে হাইকোর্টের নির্দেশ মানার দাবি

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা ও জেলে মিরাজ শেখকে কোস্টগার্ডের বিরুদ্ধে গুম করার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে নিখোঁজ মিরাজকে জীবিত ও সুস্থ অবস্থায় খুঁজে বের করে অবিলম্বে আদালতে হাজির করার দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সোমবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই দাবি জানায়। সংবাদ সম্মেলনটির যৌথ আয়োজক ছিল এইচআরএসএস, আইনি সহায়তা প্রদানকারী সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং ভুক্তভোগীর পরিবার।

জানা গেছে, ৩০ বছর বয়সী মিরাজ শেখ সুন্দরবনে মাছ ধরার পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। গত ১০ এপ্রিল কোস্টগার্ড সদস্য পরিচয়ে আসা কয়েকজন ব্যক্তি তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। চার মাসের বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। মিরাজের স্ত্রী মুক্তা খাতুন জানান, দুইজন সাদাপোশাকধারী কোস্টগার্ড সদস্য মিরাজকে ধাক্কা দিয়ে একটি নৌকায় তুলেছিলেন। কিছুক্ষণ পর মোংলার দিক থেকে আসা একটি স্পিডবোটে ৭-৮ জন ইউনিফর্ম পরা সদস্য ছিলেন, যার গায়ে স্পষ্ট বাংলাদেশ কোস্টগার্ড লেখা ছিল। ঘটনার রাতে স্থানীয় ইউপি সদস্য মো. নাজমুলের মাধ্যমে কোস্টগার্ড স্টেশনের ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়েছিল যে, জিজ্ঞাসাবাদের জন্য মিরাজকে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হবে।

এইচআরএসএস জানায়, গত ২২ আগস্ট তাদের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে মিরাজের পরিবার, স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে। সংবাদ সম্মেলনে এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, নিখোঁজের পর ১০ থেকে ১২ এপ্রিল মোংলা পন্টুন কোস্টগার্ডের একজন সদস্যের সঙ্গে পরিবারের একাধিকবার কথা হয়। তখন তিনি মিরাজ তাদের হেফাজতে আছে বলে স্বীকার করেন এবং ২-৩ দিনের মধ্যে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়ার বা মামলা করার আশ্বাস দেন। ১১ এপ্রিল সকালে মিরাজের স্ত্রী দিগরাজ কোস্টগার্ড বেজ ক্যাম্পে গেলে উকাসিং নামে এক সদস্য মিরাজকে নিয়ে অপারেশনে যাওয়ার কথা জানান এবং বিকেলে দেখা করার সুযোগ দেওয়ার আশ্বাস দেন। তবে বিকেলে ৪টার দিকে ক্যাম্পে গেলে শাহীন নামে আরেক কোস্টগার্ড সদস্য আটকের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন।

পরিবার মোংলা থানায় সাধারণ ডায়েরি করা, কোস্টগার্ড কার্যালয়ে যোগাযোগ এবং হাইকোর্টে রিট আবেদন করার পরও কোনো সুরাহা পায়নি। গত ১২ জুলাই হাইকোর্ট ১৫ কার্যদিবসের মধ্যে মিরাজকে আদালতে হাজির করার নির্দেশ দিলেও কোস্টগার্ড কর্তৃপক্ষ আটকের বিষয়টি শুরু থেকেই অস্বীকার করে আসছে। মিরাজের সন্ধানের দাবিতে মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের ওপর দুর্ব্যবহার এবং সিসিটিভি ফুটেজ যাচাইয়ের দাবি জানালে পরিবার ও গ্রামবাসীর ওপর লাঠিচার্জের ঘটনা ঘটে। পরবর্তীতে মিরাজের মা, বোন ও স্ত্রীসহ ৪৪ জনের নামে মামলা দেওয়া হয়, যেখানে অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে মিরাজকে জীবিত উদ্ধার করে আদালতে হাজির করা, দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, কোস্টগার্ডের সব সদস্যের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং ভুক্তভোগী পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে। এছাড়া আইন প্রয়োগকারী সদস্যদের আটক সংক্রান্ত প্রশিক্ষণ বৃদ্ধি এবং গুম প্রতিরোধে জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে। মানবাধিকারকর্মী ও এইচআরএসএসের প্রধান উপদেষ্টা নূর খান লিটন জানান, ঘটনার বিষয়ে মুখ না খুলতে গ্রামবাসীকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, তারা ডিজিটাল প্রমাণ সংগ্রহের চেষ্টা করছেন এবং পরবর্তীতে কোস্টগার্ডের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। সংবাদ সম্মেলনে মিরাজের পক্ষে রিটকারী আইনজীবী মুজাহিদুল ইসলাম, মিরাজের মা তাসলিমা বেগম ও বোন লিজা ইসলাম উপস্থিত ছিলেন।

শিরোনাম :
গাজায় ইসরায়েলি হামলায় ৮০০-এর বেশি ফিলিস্তিনি শিক্ষক নিহত ইথিওপিয়ার তিগ্রাই অঞ্চলের রাজধানী থেকে বিদায় নিল বিদ্রোহী বাহিনী এনসিএলে জয়ের সেঞ্চুরি, ফলোঅনে বরিশাল ও ব্যাকফুটে ঢাকা নিকি বেলাকে চড় মারলেন পেইজ, ডাব্লিউডাব্লিউই স্ম্যাকডাউনে নতুন উত্তেজনা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের কাইনাত ইমতিয়াজ কোমোর কোচ হিসেবে নিজের সহজাত প্রবৃত্তির ওপর আস্থা রেখেছিলেন ফ্যাব্রেগাস শেয়ার বাজারে কি ধস আসন্ন? শঙ্কিত অধিকাংশ মার্কিনি অগোছালো জীবন গোছাতে এক মাসের ‘টু-ডু লিস্ট’ পরীক্ষা: কতটা সফল হওয়া গেল? জাপানের ওকিনাওয়ায় নারী হত্যার দায়ে মার্কিন মেরিন সেনা গ্রেপ্তার মুকেশ ও আকাশ দীপের তোপে ইরানি ট্রফি জিতল রেস্ট অব ইন্ডিয়া গাজায় ইসরায়েলি হামলায় ৮০০-এর বেশি ফিলিস্তিনি শিক্ষক নিহত ইথিওপিয়ার তিগ্রাই অঞ্চলের রাজধানী থেকে বিদায় নিল বিদ্রোহী বাহিনী এনসিএলে জয়ের সেঞ্চুরি, ফলোঅনে বরিশাল ও ব্যাকফুটে ঢাকা নিকি বেলাকে চড় মারলেন পেইজ, ডাব্লিউডাব্লিউই স্ম্যাকডাউনে নতুন উত্তেজনা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের কাইনাত ইমতিয়াজ কোমোর কোচ হিসেবে নিজের সহজাত প্রবৃত্তির ওপর আস্থা রেখেছিলেন ফ্যাব্রেগাস শেয়ার বাজারে কি ধস আসন্ন? শঙ্কিত অধিকাংশ মার্কিনি অগোছালো জীবন গোছাতে এক মাসের ‘টু-ডু লিস্ট’ পরীক্ষা: কতটা সফল হওয়া গেল? জাপানের ওকিনাওয়ায় নারী হত্যার দায়ে মার্কিন মেরিন সেনা গ্রেপ্তার মুকেশ ও আকাশ দীপের তোপে ইরানি ট্রফি জিতল রেস্ট অব ইন্ডিয়া