রক্ষণভাগের খেলোয়াড় সংকটে ভুগছে নাপোলি। দলের ডিফেন্ডার আলেসান্দ্রো বুনজিওর্নো হাঁটুতে অস্ত্রোপচারের কারণে অন্তত দুই থেকে তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন। এছাড়া স্যাম বেউকেমা পুরোপুরি ফিট নন এবং হুয়ান জেসুসকে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে রক্ষণভাগ শক্তিশালী করতে মরিয়া হয়ে উঠেছে ইতালিয়ান ক্লাবটি।
নাপোলি তাদের প্রথম আনুষ্ঠানিক প্রস্তাব হিসেবে চেলসির ডিফেন্ডার বাদিয়াশিলের জন্য ১৭.৫ মিলিয়ন ইউরো প্রস্তাব করেছে। তবে এই চুক্তি সম্পন্ন হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে, কারণ চেলসি এই খেলোয়াড়ের জন্য প্রায় ৩০ মিলিয়ন ইউরো দাবি করছে। যদিও নাপোলি তাদের আলোচনার পথ খোলা রেখেছে। তাদের পছন্দের পরিকল্পনা হলো মৌসুম শেষে কেনার শর্তসহ বাদিয়াশিলকে ধারে দলে নেওয়া।
এদিকে, বাদিয়াশিলের বিকল্প হিসেবে অন্য খেলোয়াড়দের দিকেও নজর রাখছে নাপোলি। স্কাই স্পোর্ট ইতালিয়ার তথ্য অনুযায়ী, ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ডিফেন্ডার টোডিবো তাদের রাডারে রয়েছেন। ওয়েস্ট হ্যাম প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হওয়ায় টোডিবো চ্যাম্পিয়নশিপে খেলার ইচ্ছা প্রকাশ করেননি। উল্লেখ্য, গত গ্রীষ্মে ওজিজি নিস থেকে ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছিল হ্যামাররা।

