পেরুর মাশকো পিরো নামক বিশ্বের অন্যতম বৃহৎ যোগাযোগহীন আদিবাসী গোষ্ঠীর সুরক্ষার বিষয়টি দেশটির সরকার পুনরায় বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে তাদের আবাসস্থল অ্যামাজন রেইনফরেস্টের বড় একটি অংশ অবৈধ লগিং বা গাছ কাটার ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছেন আদিবাসী নেতারা। তারা আশঙ্কা করছেন, এর ফলে বহিরাগতদের সাথে আদিবাসীদের সংঘাত বৃদ্ধি পাবে এবং তাদের মধ্যে প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ-পূর্ব পেরুর গহীন অরণ্যে বসবাসকারী মাশকো পিরোরা নিজেদের ঐতিহ্য রক্ষায় বহিরাগতদের সাথে যোগাযোগ এড়িয়ে চলে। তবে সাম্প্রতিক বছরগুলোতে তাদের আবাসস্থলের কাছাকাছি লগিং কার্যক্রম বৃদ্ধি পাওয়ায়, এই আদিবাসীদের ঘনঘন দেখা পাওয়া যাচ্ছে। আদিবাসী সংগঠন ফিনামাদ (FENAMAD)-এর ভাইস প্রেসিডেন্ট ইউসেবিও রিওস ইভিচে সোমবার অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, সরকারের এই সিদ্ধান্ত বছরের পর বছর ধরে মাশকো পিরোদের সুরক্ষায় নেওয়া প্রচেষ্টাকে উল্টে দিতে পারে। এর ফলে তারা বহিরাগতদের সাথে সরাসরি সংঘর্ষ এবং এমন সব রোগের ঝুঁকির মুখে পড়বে, যার বিরুদ্ধে তাদের শরীরের কোনো প্রতিরোধ ক্ষমতা নেই।
এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ২০১৬ সালের একটি সরকারি গবেষণা, যেখানে মাশকো পিরো এবং বিচ্ছিন্নভাবে বসবাসকারী অন্যান্য আদিবাসীদের সুরক্ষার জন্য ২০০২ সালে প্রতিষ্ঠিত 'মাদ্রে দে দিওস টেরিটোরিয়াল রিজার্ভ' এলাকাটি সম্প্রসারণের সুপারিশ করা হয়েছিল। তবে আদিবাসী সংগঠন এবং সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, বিচ্ছিন্ন আদিবাসীদের সুরক্ষায় নিয়োজিত সরকারি কমিশন গত সপ্তাহে রিজার্ভ সম্প্রসারণের বদলে পুরোনো সেই গবেষণার বিষয়টি পুনরায় খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপের ফলে প্রস্তাবিত সম্প্রসারণ এলাকার সাথে ওভারল্যাপ করা লগিং কনসেশনগুলো সেখানে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পাবে, যা আদিবাসী সংগঠনগুলোর মতে মাশকো পিরোদের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ।
এ বিষয়ে মন্তব্যের অনুরোধ করা হলেও পেরুর সংস্কৃতি মন্ত্রণালয়, যারা বিচ্ছিন্ন আদিবাসীদের সুরক্ষার দায়িত্বে রয়েছে, তারা কোনো সাড়া দেয়নি। ২০১৪ সালে বিচ্ছিন্ন আদিবাসীদের সুরক্ষা অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী রামোন রিভেরা এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তার মতে, সরকার কোনো নতুন গবেষণা না করে বরং রিজার্ভের সম্প্রসারণ কাজ সম্পন্ন করা উচিত এবং যেসব লগিং কোম্পানির কনসেশন এতে ক্ষতিগ্রস্ত হবে, তাদের ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করা উচিত।
সারভাইভাল ইন্টারন্যাশনাল ২০২৪ সালে কিছু ছবি প্রকাশ করে, যেখানে ব্রাজিল ও বলিভিয়া সীমান্তবর্তী মাদ্রে দে দিওস অঞ্চলে লগিং কনসেশনের কাছে মাশকো পিরোদের দেখা যায়। একই বছর মাশকো পিরোদের সাথে লগিং কর্মীদের সহিংস সংঘর্ষে অন্তত দুইজন লগিং কর্মী নিহত হন। তবে সেই ঘটনায় কোনো মাশকো পিরো সদস্য নিহত বা আহত হয়েছেন কি না, তা স্পষ্ট নয়। এই সংঘাতের পর, ফরেস্ট স্টুয়ার্ডশিপ কাউন্সিল 'মাদেরা কানালস তাহুয়ামানু' নামক একটি লগিং কোম্পানির সনদ স্থগিত করে, যা ২০২৫ সালে স্থায়ীভাবে বাতিল করা হয়। তবে সারভাইভাল ইন্টারন্যাশনাল দাবি করেছে, সনদ বাতিলের পরও ওই অঞ্চলে লগিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
পেরুর এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়েও সমালোচনা বাড়ছে। গত সেপ্টেম্বরে ফিনামাদ এবং পরিবেশবাদী আইনি সংস্থা আর্থরাইটস ইন্টারন্যাশনাল ইন্টার-আমেরিকান কোর্ট অফ হিউম্যান রাইটসে পেরু সরকারের বিরুদ্ধে মামলা করেছে। তাদের অভিযোগ, পেরু সরকার মাশকো পিরোদের পৈতৃক ভূমি রক্ষা এবং তাদের বিচ্ছিন্ন থাকার অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে। ইউসেবিও রিওস ইভিচে সরকারকে আহ্বান জানিয়ে বলেছেন, মাশকো পিরোদের জীবন ও অস্তিত্ব রক্ষার বিষয়টি যেন কোনোভাবেই অর্থনৈতিক স্বার্থের নিচে না পড়ে।

