আর্জেন্টিনায় পোপের বিশাল প্রার্থনা সভা, প্রতিবন্ধীদের সহায়তার আহ্বান

আর্জেন্টিনা সফরে গিয়ে সমাজের সবচেয়ে অবহেলিত ও দুর্বল মানুষের পাশে দাঁড়ানোর জোর আহ্বান জানিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। সফরকালে রাজধানী বুয়েনস আইরেসে আয়োজিত এক বিশাল প্রার্থনা সভায় রেকর্ড ২৫ লাখ মানুষের সমাগম ঘটে। তবে বিশাল এই প্রার্থনার আগেই তিনি শারীরিক প্রতিবন্ধীদের একটি আবাসন কেন্দ্রে যান এবং তাদের উদ্দেশ্যে বলেন, প্রতিবন্ধী মানুষের জীবন সমাজের জন্য কোনো বোঝা নয়, বরং একটি বড় আশীর্বাদ। পোপের এই বক্তব্যকে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের কঠোর আর্থিক সংকোচন নীতির বিরুদ্ধে এক শক্তিশালী প্রতীকী বার্তা হিসেবে দেখা হচ্ছে।

বুয়েনস আইরেসের দক্ষিণে ক্লেপোল এলাকায় অবস্থিত 'কোটোলেঙ্গো দন ওরিওনে' নামের বিশেষ আশ্রমে সফর দিয়ে পোপ তার দিনের কর্মসূচি শুরু করেন। ১৯৩৫ সালে একজন ইতালীয় পুরোহিত দ্বারা প্রতিষ্ঠিত ১২৩ একর (৫০ হেক্টর) আয়তনের এই কেন্দ্রটিতে বর্তমানে ৪০০ জনেরও বেশি প্রতিবন্ধী ব্যক্তি বসবাস করছেন। সেখানে পৌঁছে পোপ হুইলচেয়ারে থাকা বাসিন্দাদের জড়িয়ে ধরেন এবং আবেগঘন পরিবেশে তাদের সঙ্গে সময় কাটান। আশ্রমের চ্যাপেলে দেওয়া বক্তব্যে তিনি বলেন, মানুষের মর্যাদার মূল ভিত্তি এবং জীবনের প্রকৃত গুরুত্বপূর্ণ দিকটি মনে করিয়ে দিতে এই মানুষদের ভূমিকা অপরিসীম। একটি দেশ কতটা উন্নত, তা পরিমাপ করা যায় সে দেশের প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের কীভাবে গ্রহণ করা হচ্ছে তার মাধ্যমে।

আর্জেন্টিনায় প্রায় ৫০ লাখ প্রতিবন্ধী মানুষ রয়েছেন, যাদের বিশেষ থেরাপি ও সহায়তা কর্মসূচিগুলো সম্প্রতি প্রেসিডেন্ট মিলেইয়ের বাজেট ছাঁটাইয়ের কারণে মারাত্মক সঙ্কটে পড়েছে। দেশটির স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে অর্থায়ন স্থগিত ও নিরাপত্তা বেষ্টনী সংকুচিত করায় কোটোলেঙ্গোর মতো সেবা প্রতিষ্ঠানগুলোর বকেয়া অর্থ জমা হতে হতে শতশত হাজার ডলারে পৌঁছেছে। গত বছর আর্জেন্টিনার কংগ্রেস মিলেইয়ের ভেটো উপেক্ষা করে প্রতিবন্ধী সেবা খাতে বরাদ্দ বাড়ানোর আইন পাস করলেও সরকার তা বাস্তবায়নে বিলম্ব করছে। এ অবস্থায় পোপের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রতিষ্ঠানটির স্বেচ্ছাসেবক কুয়েন রোলোন রেই। অন্যদিকে আশ্রমের প্রশাসনিক কর্মকর্তা ফেরনান্দো মন্তেরো জানান, পোপের সফরের গণমাধ্যম নজরদারির কারণে সম্প্রতি সরকার ওষুধ, ডায়াপার ও খাবারের জন্য প্রায় ৮২৮ মিলিয়ন পেসো (প্রায় ৫ লাখ ৩৫ হাজার ডলার) বকেয়া মিটিয়ে দিয়েছে, যা দিয়ে আশ্রমের চার মাসের ব্যয় মেটানো সম্ভব।

কোটোলেঙ্গো পরিদর্শনের পর পোপ লিও যান বুয়েনস আইরেসের 'মনুমেন্তো আ লোস এসপানিওলেস'-এ, যেখানে তিনি তাঁর ক্যারিয়ারের বৃহত্তম প্রার্থনা সভা পরিচালনা করেন। প্রায় ৪০ বছর আগে পোপ সেন্ট জন পল দ্বিতীয় এই একই স্থানে ঐতিহাসিক প্রার্থনা সভা পরিচালনা করেছিলেন। সোমবারের এই আয়োজনের জন্য আর্জেন্টিনায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। বহু পুণ্যার্থী আগের দিন মাঝরাত থেকেই স্থানটিতে ভিড় জমাতে শুরু করেন। উক্ত সভায় আমন্ত্রিত ভিআইপি অতিথিদের সারিতে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এবং তাঁর বোন তথা প্রেসিডেন্সির রাজনৈতিক সচিব কারিনা মিলেই উপস্থিত ছিলেন।

প্রার্থনা সভার খুতবায় আমেরিকান বংশোদ্ভূত এই পোপ আর্জেন্টাইন পরিবারগুলোর বর্তমান নানা সামাজিক সংকটের কথা তুলে ধরেন। তিনি বলেন, বেকারত্ব, সহিংসতা ও মাদকের আসক্তির মতো নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও পরিবারই সমাজের মূল ভিত্তি। খ্রিস্টান পারিবারিক ব্যবস্থাকে পুরোনো বা অপ্রাসঙ্গিক বলে যারা খারিজ করে দিতে চায়, তাদের প্ররোচনায় কান না দেওয়ার আহ্বান জানিয়ে পোপ একে বর্তমান অনিশ্চিত সময়ের বড় স্তম্ভ হিসেবে উল্লেখ করেন। এর মাধ্যমে তিনি তাঁর পূর্বসূরি পোপ ফ্রান্সিসের অসমাপ্ত সামাজিক শিক্ষার ধারাবাহিকতা বজায় রেখে দেশের অর্থনৈতিক নীতির কেন্দ্রে দুর্বলদের রাখার পক্ষে মত দেন।

প্রার্থনা সভায় যোগ দেওয়া স্থানীয় বিভিন্ন বয়সের মানুষের মধ্যেও পোপের বার্তার ব্যাপক প্রভাব লক্ষ্য করা গেছে। ৭৩ বছর বয়সী পেনশনার ইসাবেল মার্তিন জানান, তিনি পোপের জন্য প্রার্থনা করছেন যাতে তিনি প্রেসিডেন্ট মিলেইয়ের হৃদয় স্পর্শ করতে পারেন। বর্তমানে আর্জেন্টিনায় সর্বনিম্ন পেনশন প্রদান করা হয় প্রায় ৩০০ ডলার, যা একজন বয়স্ক মানুষের বাসস্থান, ওষুধ ও খাবারের খরচের মাত্র চার ভাগের এক ভাগ। এছাড়া খোলা জায়গায় পরিবারকে নিয়ে ১৬তম জন্মদিন পালন করতে আসা তরুণী মারগারিতা লানুস জানান, পোপের সোজাসাপ্টা ও স্পষ্ট কথা তাঁর খুব পছন্দ হয়েছে।

প্রেসিডেন্ট মিলেই ২০২৩ সালের শেষের দিকে দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের মতো প্রশাসনিক অপচয় ও জালিয়াতি বন্ধের দোহাই দিয়ে সামাজিক সুরক্ষা বাজেট ছাঁটাই করে আসছেন। পোপের এই সফর ও বক্তব্য প্রসঙ্গে সরকারের মন্ত্রিসভা প্রধান দিয়েগো সান্তিলি মন্তব্য করেন যে, পোপ সরকারের সমালোচনা করেননি, বরং সরকার যা করছে তারই বার্তা দিয়েছেন। তবে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো পোপের বক্তব্যকে মিলেই প্রশাসনের চরম নীতিমালার বিরুদ্ধে স্পষ্ট বার্তা হিসেবেই বিবেচনা করছে।

শিরোনাম :
স্পেনের ওভিয়েদোতে ব্যাকপ্যাক বিস্ফোরণে পুলিশ কর্মকর্তা নিহত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব, আনা হলো ৮টি অভিযোগ সাইপ্রাস আলোচনায় অগ্রগতিতে তুরস্কের স্বাগত, গ্রিক প্রশাসনের অবস্থান বদলের আহ্বান শ্যামলীতে চলন্ত বাসে আগুন, শাহজাহানপুরে ৬ ককটেল উদ্ধার ইয়েমেনে হামলায় নিহত ১, ইরানে ‘ক্ষেপণাস্ত্র নগরী’ প্রদর্শন রিক ফ্লেয়ারের হার্ট অ্যাটাককে রিংয়ের কৌশল ভেবেছিলেন আন্দ্রাদে কঠিন সময় পেরিয়ে ক্রিকেটের পুরোনো ভালোবাসা ফিরিয়ে আনার চেষ্টায় সূর্যকুমার নেপোলিতে সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছেন কন্তে: ম্যাকটমিনে পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কেনায় অর্থ অপচয়, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ টানা দ্বিতীয়বার জাতিসংঘের মানবাধিকার পর্যালোচনা বর্জন করল যুক্তরাষ্ট্র স্পেনের ওভিয়েদোতে ব্যাকপ্যাক বিস্ফোরণে পুলিশ কর্মকর্তা নিহত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব, আনা হলো ৮টি অভিযোগ সাইপ্রাস আলোচনায় অগ্রগতিতে তুরস্কের স্বাগত, গ্রিক প্রশাসনের অবস্থান বদলের আহ্বান শ্যামলীতে চলন্ত বাসে আগুন, শাহজাহানপুরে ৬ ককটেল উদ্ধার ইয়েমেনে হামলায় নিহত ১, ইরানে ‘ক্ষেপণাস্ত্র নগরী’ প্রদর্শন রিক ফ্লেয়ারের হার্ট অ্যাটাককে রিংয়ের কৌশল ভেবেছিলেন আন্দ্রাদে কঠিন সময় পেরিয়ে ক্রিকেটের পুরোনো ভালোবাসা ফিরিয়ে আনার চেষ্টায় সূর্যকুমার নেপোলিতে সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছেন কন্তে: ম্যাকটমিনে পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কেনায় অর্থ অপচয়, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ টানা দ্বিতীয়বার জাতিসংঘের মানবাধিকার পর্যালোচনা বর্জন করল যুক্তরাষ্ট্র