ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলায় আরও দুই ব্যক্তি নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। গত তিন দিনে রুশ বাহিনীর অব্যাহত বোমা হামলায় ইউক্রেনে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে রুশ হামলা প্রতিহত করতে হিমশিম খাচ্ছে কিয়েভ।
শুক্রবার সকালে ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলে রুশ হামলায় একজন নিহত এবং একটি শিশুসহ পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মিখাইলো সেমিকিন। তিনি জানান, হামলাগুলো মূলত আবাসিক এলাকায় চালানো হয়েছে। এছাড়া পশ্চিম ইউক্রেনের ইভানো-ফ্রাঙ্কিভস্কে রাশিয়ার অপর একটি হামলায় আরও এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন সেখানকার আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সভিতলানা অনিশচুক।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, শুক্রবার কিয়েভ অঞ্চলের বুচা জেলায় রাশিয়ার হামলায় একটি গুদামঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে কোনো নারী আটকে আছেন কি না, তা খুঁজে বের করতে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন।
অন্যদিকে, রাশিয়ার পূর্ব সীমান্ত লাগোয়া বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের হামলায় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি বিভাগ। আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার শুভায়েভ জানান, ইউক্রেনীয় হামলায় সেখানে ১২ জন আহত হয়েছেন।
গত তিন দিনে ইউক্রেনজুড়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও জেট-চালিত ড্রোনের সাহায্যে কয়েক ডজন বেসামরিক মানুষকে হত্যা করেছে রাশিয়া। এর মধ্যে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে যাত্রীবাহী বাসের কাছে রাশিয়ার একটি গাইডেড বোমা বিস্ফোরিত হয়ে ৩০ জনের মৃত্যু হয়। তার আগের দিন, উত্তর ইউক্রেনের প্রিলুকি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ ২২ জন নিহত হন।
এই ভয়াবহ পরিস্থিতির মুখে বৃহস্পতিবার ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে অতিরিক্ত সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, "কথায় সমর্থন দেওয়ার চেয়ে ইউক্রেনের প্রতিরক্ষায় নতুন প্যাকেজের মাধ্যমে বাস্তব রূপ দেওয়া জরুরি। অ্যান্টি-ব্যালিস্টিক সক্ষমতা, যুদ্ধবিমানের গোলাবারুদ এবং ইন্টারসেপ্টরে বিনিয়োগ সরাসরি প্রতিদিন মানুষের জীবন বাঁচাতে সাহায্য করছে।"
মার্কিন তৈরি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবারুদের অভাবে ইউক্রেন রাশিয়ার ব্যালিস্টিক হামলা ঠেকাতে পারছে না। তাই রাশিয়ার দ্রুতগতির জেট-চালিত ড্রোনগুলো প্রতিহত করতে নতুন প্রজন্মের ইন্টারসেপ্টর তৈরির চেষ্টা চালাচ্ছে কিয়েভ।
একই সময়ে রাশিয়ার প্রযুক্তি জায়ান্ট ইয়ানডেক্সের একটি ডাটা সেন্টারে ইউক্রেনীয় ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে যে কালুগা অঞ্চলে তাদের ডাটা সেন্টারের বেশ কয়েকটি মডিউল "সম্পূর্ণ অকেজো" হয়ে গেছে। দুই দিনের মধ্যে এটি ইয়ানডেক্সের ওপর দ্বিতীয় হামলা। এর আগে বৃহস্পতিবার রাশিয়ার রিয়াজান অঞ্চলে কোম্পানিটির আরেকটি ডাটা সেন্টার ড্রোন হামলার শিকার হয়ে বন্ধ হয়ে গিয়েছিল।
কালুগা অঞ্চলের গভর্নর ভ্লাদিস্লাভ শাপশা শুক্রবার জানান, ড্রোনের আঘাতে সেখানে ৯ জন আহত হয়েছেন। এছাড়া ত্ভের অঞ্চলের গভর্নর ভিটালি কোরোলোভ জানিয়েছেন, রেডকিনোর একটি কারখানায় ইউক্রেনীয় ড্রোনের কারণে আগুন ধরে যায়, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৫০৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

