যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের সিনেট আসনের বিশেষ রিপাবলিকান প্রাইমারি নির্বাচনে কোনো প্রার্থীই এককভাবে ৫০ শতাংশ ভোট পাননি। ফলে আগামী ২৫ আগস্ট অনুষ্ঠেয় রানঅফ নির্বাচনে মুখোমুখি হতে যাচ্ছেন প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের বোন ডারলিন গ্রাহাম এবং প্রতিনিধি পরিষদের সদস্য রালফ নরম্যান। সিবিএস নিউজ এই তথ্য জানিয়েছে।
নভেম্বরের সাধারণ নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী অ্যানি অ্যান্ড্রুজের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে রিপাবলিকান দলের মনোনয়ন পেতে গত মঙ্গলবারের এই নির্বাচনে মোট ১০ জন প্রার্থী অংশ নিয়েছিলেন।
গত মাসে চার মেয়াদের জনপ্রিয় সিনেটর লিন্ডসে গ্রাহামের আকস্মিক মৃত্যুর পর এই বিশেষ নির্বাচনের আয়োজন করা হয়। তাঁর মৃত্যুর পর সাউথ ক্যারোলিনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার লিন্ডসে গ্রাহামের বোন ডারলিন গ্রাহামকে অন্তর্বর্তীকালীন সিনেটর হিসেবে নিয়োগ দেন। তবে প্রয়াত লিন্ডসে গ্রাহাম আগেই নভেম্বরের নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন পেয়েছিলেন। তাঁর মৃত্যুর কারণে রিপাবলিকানদের ব্যালটে নতুন প্রার্থী যুক্ত করার প্রয়োজন দেখা দেয়।
৬২ বছর বয়সী ডারলিন গ্রাহাম দীর্ঘদিন প্রতিবন্ধী সেবা খাতে কাজ করেছেন এবং সম্প্রতি সাউথ ক্যারোলিনা কমিশন ফর দ্য ব্লাইন্ডের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিনেটর হিসেবে শপথ নেওয়ার কয়েকদিন পর ডোনাল্ড ট্রাম্পের সমর্থন ও উৎসাহে তিনি পূর্ণ মেয়াদের জন্য লড়ার ঘোষণা দেন। তবে ট্রাম্পের সমর্থন সত্ত্বেও অন্য রিপাবলিকান প্রার্থীরা নির্বাচনী লড়াই থেকে পিছিয়ে যাননি।
এই নির্বাচনী মাঠে ডারলিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন ২০২৩ সাল থেকে প্রতিনিধি পরিষদের সদস্য রাসেল ফ্রাই, ২০১৭ সাল থেকে প্রতিনিধি পরিষদের সদস্য রালফ নরম্যান, সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর মার্ক স্যানফোর্ড এবং ব্যবসায়ী মার্ক লিঞ্চ। মার্ক লিঞ্চ এর আগে গত জুনের প্রাইমারিতে প্রয়াত লিন্ডসে গ্রাহামের কাছে পরাজিত হয়েছিলেন।
গত ১১ জুলাই লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর প্রার্থীরা মাত্র কয়েক সপ্তাহের প্রচারণার সুযোগ পান। ২১ থেকে ২৮ জুলাই পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। ডারলিন গ্রাহামের জন্য এই স্বল্প সময়টি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। কারণ একদিকে ভাইয়ের আকস্মিক মৃত্যুর শোক এবং অন্যদিকে সিনেটর হিসেবে নতুন দায়িত্ব ও নির্বাচনী প্রচারণার চাপ তাকে সামলাতে হয়েছে।
লিন্ডসে গ্রাহাম আজীবন অবিবাহিত ছিলেন এবং বোনের সাথে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। তাঁদের বাবা-মা খুব অল্প সময়ের ব্যবধানে মারা যাওয়ার পর, ২২ বছর বয়সী লিন্ডসে তাঁর তৎকালীন ১৩ বছর বয়সী বোন ডারলিনকে দত্তক নিয়েছিলেন।
নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ডারলিন গ্রাহাম এবং তাঁর ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানালেও, নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাঁর পূর্ব অভিজ্ঞতার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে ডারলিন তাঁর ভাইয়ের কিছু নীতিকে সমর্থন করলেও নিজের আলাদা পথ তৈরির চেষ্টা করছেন। গত সপ্তাহে সিনেটে অনুমোদিত রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বিলের মতো কিছু বিষয়ে ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করলেও, তিনি জানিয়েছেন যে তিনি আন্তর্জাতিক বিষয়ের চেয়ে অভ্যন্তরীণ বিষয়ে বেশি মনোযোগী হবেন এবং রক্ষণশীল অবস্থান বজায় রাখবেন।
আগামী নভেম্বরের চূড়ান্ত নির্বাচনে এই আসনে রিপাবলিকানদের জয় প্রায় নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। ২০২০ সালে লিন্ডসে গ্রাহাম ৫৪ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছিলেন এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প এই রাজ্যে ৫৮ শতাংশ ভোট পান।

