তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঘোষণা করেছেন যে, তার দেশ 'সন্ত্রাসমুক্ত তুরস্ক' গড়ার প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। ইস্তাম্বুলে শনিবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি জানান, গত দুই বছরে বিভিন্ন উস্কানি ও ষড়যন্ত্রের মোকাবিলা করেও এই উদ্যোগে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।
প্রেসিডেন্ট এরদোয়ান আরও বলেন, সন্ত্রাসবাদ নির্মূলের এই প্রক্রিয়াটি একটি রাষ্ট্রীয় প্রকল্প হিসেবে বাস্তবায়িত হচ্ছে। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন, প্রায় ৫০ বছর ধরে যারা সন্ত্রাসবাদকে পুঁজি করে টিকে আছে এবং যারা দেশের ও জাতির শত্রু, তাদের সব ধরনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
এরদোয়ান জোর দিয়ে বলেন, ভবিষ্যতে যাতে সন্ত্রাসবাদ আর কোনোভাবেই তুরস্কের মাটিতে শিকড় গাড়তে না পারে এবং এর কারণে কোনো পরিবারকে নতুন করে শোক বা ভোগান্তিতে পড়তে না হয়, সেজন্য সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ সময় তিনি আরও বলেন, দেশের ঐক্যে ফাটল ধরিয়ে নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টির যে পরিকল্পনা করা হয়েছিল, তুরস্কের সম্মিলিত প্রচেষ্টায় তা নস্যাৎ করে দেওয়া সম্ভব হয়েছে।

