মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) শব্দটির পরিবর্তে নতুন কোনো নাম ব্যবহারের প্রস্তাব দিয়েছেন। শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ তিনি এই বিষয়ে একটি অনলাইন পোল চালু করেন।
ট্রাম্পের মতে, বর্তমানে প্রচলিত 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' বা কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি প্রযুক্তিগত বিপ্লবের এই বিশাল ক্ষেত্রটিকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারে না। তিনি দাবি করেন, অনেক মানুষই এই শব্দটিকে ভুল এবং অস্পষ্ট বলে মনে করেন।
নিজের অনুসারীদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, এই নতুন প্রযুক্তিগত বিপ্লবের জন্য সবচেয়ে উপযুক্ত নাম কোনটি হতে পারে, তা নিয়ে তিনি সবার ভোট প্রত্যাশা করছেন। তিনি কিছু বিকল্প নামও প্রস্তাব করেছেন, যার মধ্যে রয়েছে 'সুপিরিয়র ইন্টেলিজেন্স' (SI), 'এক্সট্রিম ইন্টেলিজেন্স' (EI) বা 'সুপারিম ইন্টেলিজেন্স' (SI)।
সাম্প্রতিক সময়ে এআই সিস্টেমের সক্ষমতা শিল্প বিশেষজ্ঞদের প্রত্যাশাকেও ছাড়িয়ে যাওয়ায় বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে অনেক বিশেষজ্ঞ এই প্রযুক্তির উন্নয়নে সরকারি নিয়ন্ত্রণ ও কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন।
তবে এই উদ্বেগগুলোকে ট্রাম্প একটি 'প্রতারণা' বলে অভিহিত করেছেন। তার মতে, এআই নিয়ন্ত্রণের জন্য কোনো সরকারি বিধিবিধানের প্রয়োজন নেই। এ সপ্তাহের শুরুর দিকে তিনি অনলাইনে লিখেছিলেন, এআই-এর জন্য একমাত্র যে নিয়ন্ত্রণ বা সুরক্ষার প্রয়োজন, তা একজন শক্তিশালী ও বুদ্ধিমান প্রেসিডেন্টের মাধ্যমেই সম্ভব। তার দাবি, যুক্তরাষ্ট্রের কাছে এখন এমন নেতৃত্ব রয়েছে।

