ভার্জিনিয়ার স্টেট সিনেটর লিল লুইস লুকাস এবং আরও ছয়জনকে একটি কথিত ঘুষ ও র্যাকেটিয়ারিং বা অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ২২ অক্টোবর ফেডারেল প্রসিকিউটররা এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টে ১৪ অক্টোবর দায়ের করা ৪৫ পৃষ্ঠার একটি অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, সিনেটর লুকাস এবং তার ছয় সহ-অভিযুক্ত গাঁজা বিতরণ ও সংরক্ষণের ষড়যন্ত্র, মানি লন্ডারিংয়ের ষড়যন্ত্র এবং ঘুষ প্রদানের মতো গুরুতর অপরাধে জড়িত ছিলেন। অভিযোগ অনুযায়ী, লুকাস তার বৈধ মেডিকেল গাঁজা ব্যবসার আড়ালে বিপুল পরিমাণ অবৈধ গাঁজা বিতরণের সঙ্গে যুক্ত ছিলেন।
মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া সাতজনের মধ্যে লুকাসের দুই মেয়ে এবং এক নাতিও রয়েছেন। তারা বর্তমানে ফেডারেল হেফাজতে রয়েছেন এবং বৃহস্পতিবার বিকেলের দিকে তাদের আদালতে প্রাথমিক হাজিরার কথা রয়েছে। লুকাসের পক্ষে কোনো আইনজীবী মন্তব্য করেছেন কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তবে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এক বিবৃতিতে ৮২ বছর বয়সী এই সিনেটর জানিয়েছেন যে তিনি এই অভিযোগের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। তিনি লিখেছেন, 'আমি জিম ক্রোর অধীনে বড় হয়েছি। ক্ষমতার অপব্যবহার করে যারা সত্যকে দাবিয়ে রাখতে চায়, তাদের আমি চিনি। আমি লড়াই করে বড় হয়েছি এবং এখনও থামব না। আমি ভয় পাব না এবং হার মানব না।'
এর আগে গত ৬ মে এফবিআই ভার্জিনিয়ার পোর্টসমাউথে লুকাসের অফিস এবং তার সহ-মালিকানাধীন একটি গাঁজা খুচরা ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়েছিল। দীর্ঘদিনের দুর্নীতি তদন্তের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে জানা গেছে।
অ্যাটর্নি জেনারেল ব্লাঞ্চ প্রেস কনফারেন্সে অভিযোগ করেন যে, লুকাস গাঁজা সংগ্রহ ও বিতরণের ব্যবস্থা করেছিলেন, এসব থেকে আসা অর্থ পাচারের বিষয়টি তদারকি করতেন এবং নিজের ও পরিবারের স্বার্থে ভার্জিনিয়ার আইন প্রণয়ন প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। ব্লাঞ্চের মতে, এই অভিযোগগুলো এমন একজন জনপ্রতিনিধির আচরণের প্রতিফলন, যিনি জনগণের সেবার চেয়ে নিজের আর্থিক স্বার্থকে প্রাধান্য দিয়েছেন।
১৯৯২ সাল থেকে স্টেট সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন লুকাস। তিনি ডেমোক্র্যাটিক পার্টির একজন প্রভাবশালী নেতা এবং বর্তমান সিনেট প্রেসিডেন্ট প্রো টেম্পোর। তিনি সম্প্রতি ভার্জিনিয়ার নতুন সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছিলেন, যা আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা বাড়িয়েছিল বলে মনে করা হয়।
তদন্তের সূত্রপাত সম্পর্কে ব্লাঞ্চ বিস্তারিত না বললেও জানান, কয়েক বছর আগেই এই তদন্ত শুরু হয়েছে। তবে এটি ট্রাম্প প্রশাসনের মাধ্যমে শুরু হয়নি বলে তিনি স্পষ্ট করেছেন। এফবিআই পরিচালক কাশ প্যাটেল সিনেটর লুকাসের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, তিনি তার রাজনৈতিক প্রভাবকে নিজের অপরাধমূলক কর্মকাণ্ড আড়াল করতে ব্যবহার করেছেন, যা একজন জনপ্রতিনিধির জন্য চরম ভণ্ডামি।
সিনেটরের অন্যান্য সহ-অভিযুক্তরা হলেন লিসা লুকাস বার্ক, প্রিন্স আলবার্ট উইলিয়ামসন হাডসন, রায়ান আইচেলবার্গার, থেরেসা লুকাস-ল্যাম্ব, কার্লটন আপটন জুনিয়র এবং তামিকা জনসন। তাদের পক্ষে কোনো আইনি প্রতিনিধি রয়েছেন কি না তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
