দীর্ঘদিন ধরে মোতায়েন থাকা মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস লিংকন’-এর ক্রুদের কঠিন পরিস্থিতির খবরের পর, মধ্যপ্রাচ্যে নিয়োজিত শীর্ষ মার্কিন সামরিক কমান্ডার সেখানে মানসিক স্বাস্থ্য সুরক্ষাকে ‘অগ্রাধিকার’ দেওয়ার কথা জানিয়েছেন। তবে সমুদ্রে দীর্ঘ সময় নৌবাহিনীর দায়িত্ব পালনকে ‘ব্যতিক্রমী চ্যালেঞ্জিং এবং কঠিন’ বলে স্বীকার করেছেন তিনি।
গত জানুয়ারি মাসে মধ্যপ্রাচ্যে পৌঁছানো এই যুদ্ধজাহাজটি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক তৎপরতা ও ইরানি বন্দরগুলো অবরোধের কাজে নিয়োজিত রয়েছে। ইতিমধ্যে সমুদ্রে টানা ২৪০ দিনেরও বেশি সময় পার করে এটি একটি নতুন রেকর্ড গড়েছে। জাহাজটির নাবিকদের মানসিক স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের পরিবারের সদস্যরা। এমনকি কিছু নাবিক জাহাজ থেকে লাফিয়ে পড়ার চেষ্টা করেছেন বলেও খবর পাওয়া গেছে। গত সপ্তাহে ‘মিলিটারি টাইমস’ ও ‘স্টারস অ্যান্ড স্ট্রাইপস’-এর প্রতিবেদনে বলা হয়, ৫,০০০ ক্রুবিশিষ্ট এই জাহাজে নিম্নমানের স্যানিটেশন, ভাঙা প্লাম্বিং, তাজা খাবারের সংকট এবং বন্দরে নোঙর করার বিরল সুযোগের মতো চরম দুর্দশার সৃষ্টি হয়েছে। যদিও মার্কিন নৌবাহিনী রসদ সংকটের কথা স্বীকার করলেও সেখানে কোনো মানসিক স্বাস্থ্য সংকট থাকার দাবি অস্বীকার করেছে।
রবিবার এক বিবৃতিতে অ্যাডমিরাল কুপার বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিশ্বাস করি যে মানসিক স্বাস্থ্যও মানুষের সামগ্রিক স্বাস্থ্যের একটি অংশ এবং শারীরিক ও আধ্যাত্মিক স্বাস্থ্যের মতোই এটিও আমাদের মনোযোগ দাবি করে। ক্রুদের মানসিক স্বাস্থ্য ও সহনশীলতাকে নেতৃত্বের অগ্রাধিকার হিসেবে গ্রহণ করার জন্য আমি লিংকনের নেতৃত্বকে সাধুবাদ জানাই।” এদিকে, ইউএসএস লিংকনকে প্রতিস্থাপন করতে ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ বর্তমানে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে এবং প্রায় এক সপ্তাহের মধ্যে সেটি সেখানে পৌঁছাতে পারে। মূলত মে মাসে এই মোতায়েন শেষ হওয়ার কথা থাকলেও দফায় দফায় এর মেয়াদ বাড়ানো হয়। ফলে নাবিকরা টানা ২০০ দিনেরও বেশি সময় কোনো বন্দরে নোঙর করা ছাড়াই সমুদ্রে অবস্থান করছেন।
এই পরিস্থিতি নিয়ে ওয়াশিংটনে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। শনিবার সিনেট আর্মড সার্ভিসেস কমিটির ১৩ জন ডেমোক্র্যাট সদস্য প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে একটি চিঠি পাঠিয়েছেন। দীর্ঘ এই মোতায়েনকে “আধুনিক যুগের রেকর্ড” আখ্যা দিয়ে তারা এর জবাবদিহি দাবি করেছেন। তবে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ গত সপ্তাহে জাহাজের ভেতরের দুরবস্থার খবরকে “সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন” করা হয়েছে বলে দাবি করেন। অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাবিকদের দীর্ঘ সময় সমুদ্রে থাকার বিষয়টি উড়িয়ে দিয়ে গত শুক্রবার সাংবাদিকদের বলেন, “এটি মোটেই যথেষ্ট দীর্ঘ সময় নয়।” ট্রাম্পের এই মন্তব্যের সমালোচনা করে মেরিল্যান্ডের ডেমোক্র্যাট গভর্নর ও মার্কিন সেনাবাহিনীর সাবেক সদস্য ওয়েস মুর রবিবার সিএনএন-কে বলেন, জাহাজের এই পরিস্থিতি “হৃদয়বিদারক” এবং রিপাবলিকান প্রেসিডেন্টের “আরও সহানুভূতিশীল” হওয়া উচিত ছিল।

