ব্যক্তিগত ছুটির কারণে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের আসন্ন জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ অলরাউন্ডার ডিয়ান্ড্রা ডটিন। অন্যদিকে, অধিনায়ক হেইলি ম্যাথিউজ এই সফরে কেবল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন। এরপর তিনিও ব্যক্তিগত ছুটি নেবেন, যার ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে পাবে না ক্যারিবীয় দল। তবে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে বড় স্বস্তি এনে দিচ্ছে অলরাউন্ডার শিনেল হেনরির প্রত্যাবর্তন। গত জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পেয়েছিলেন তিনি।
চোটের কারণে হেনরি ওয়েস্ট ইন্ডিজের আয়ারল্যান্ড সফরে খেলতে পারেননি। তবে দ্য হান্ড্রেড এবং উইমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (WCPL)-এ খেলে নিজের ফিটনেসের প্রমাণ দিয়ে দলে ফিরলেন তিনি। অফ-ফর্মের কারণে দল থেকে বাদ পড়া কিয়ানা জোসেফের জায়গায় হেনরিকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে, ছুটিতে যাওয়া ডটিনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ১৭ বছর বয়সী তরুণী ইবোনি ব্রেথওয়েট। দুটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা ব্রেথওয়েট সম্প্রতি ডব্লিউসিপিএল-এও অংশ নিয়েছেন।
গত জুলাই মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলা ক্যারিবীয় দলের বাকি সদস্যরা এই স্কোয়াডে নিজেদের জায়গা ধরে রেখেছেন। জিম্বাবুয়ে সফর প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ শেন ডেইটজ বলেন, "জিম্বাবুয়ে এমন একটি দল যাদের বিপক্ষে আমরা খুব বেশি খেলিনি। তাদের ঘরের মাঠে খেলাটা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। আমাদের দলে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় রয়েছে, তাই এই স্তরে নিজেদের প্রমাণ করার এবং সুযোগ কাজে লাগানোর জন্য এটি তাদের জন্য দারুণ একটি প্ল্যাটফর্ম।"
আসন্ন এই সিরিজে আগামী ২৪, ২৭ ও ৩০ সেপ্টেম্বর হারারেতে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৩, ৫ ও ৭ অক্টোবর হাইফিল্ডে অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। তবে ম্যাথিউজের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজে কে নেতৃত্ব দেবেন, সে বিষয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
জিম্বাবুয়ে সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ নারী দল:
হেইলি ম্যাথিউজ (অধিনায়ক)আলিয়া অ্যালেনশেমেইন ক্যাম্পবেলজাহজারা ক্লাক্সটনইবোনি ব্রেথওয়েটঅ্যাফি ফ্লেচারজানিলিয়া গ্লাসগোরিয়েলিয়ানা গ্রিমন্ডশনিশা হেক্টরজাইদা জেমসশিনেল হেনরিম্যান্ডি মাংরুঅ্যাশমিনি মুনিসারকারিশমা রামহারাকস্টেফানি টেলর

