
প্রবাসীদের নতুন পাসপোর্ট ইস্যু ও পাসপোর্ট নবায়নের ঝুলে থাকা সব আবেদন আগামী ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রবাসীদের পাসপোর্ট আবেদন দ্রুত নিষ্পত্তিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
রোববার জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। আদালত নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন।
আদালত আরও নির্দেশ দিয়েছেন, আগামী ২১ দিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন ও দূতাবাসগুলোকে চিঠি পাঠাবে, যাতে প্রবাসীদের নতুন পাসপোর্ট ও নবায়নের আবেদন দ্রুত পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো হয়। এ বিষয়ে ৩০ দিনের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ সচিব, আইন সচিব এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ ১৪ জন বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
প্রবাসীদের পাসপোর্ট আবেদন দীর্ঘদিন ধরে ঝুলে থাকার বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে রিটটি দায়ের করা হয়। আবেদনে বলা হয়, পাসপোর্ট নবায়নে দীর্ঘসূত্রতার কারণে অনেক প্রবাসী ভিসা নবায়ন করতে পারছেন না। ফলে তারা চাকরি হারানো, অবৈধ অভিবাসীতে পরিণত হওয়া এবং দেশে ফিরে আসতে বাধ্য হওয়ার মতো ঝুঁকির মুখে পড়ছেন। এতে দেশের রেমিট্যান্স প্রবাহও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
