ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে চোটের আঘাত আরও গভীর হয়েছে। দলের তারকা মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেল্লির হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে এবং ফরোয়ার্ড জেরেমি বোগা ঊরুর চোটে পড়ে বেশ কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন। ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেছে।
গত রবিবার মিলানের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে ডান হাঁটুর মেনিসকাস ছিঁড়ে যায় লোকাতেল্লির। জুভেন্টাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্রান্সের লিওঁতে লোকাতেল্লির ডান হাঁটুর এক্সটার্নাল মেনিসকাস সেলাইয়ের জন্য অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। স্কাই স্পোর্ট ইতালিয়ার খবর অনুযায়ী, এই মিডফিল্ডারকে প্রায় পাঁচ থেকে ছয় মাস মাঠের বাইরে থাকতে হতে পারে, যার অর্থ ২০২৭ সালের আগে তার মাঠে ফেরার সম্ভাবনা খুবই কম।
অন্যদিকে, জেরেমি বোগার বাঁ পায়ের ঊরুর পেশিতে (ফেমোরাল বাইসেপ) মাঝারি ধরনের চোট বা লেশন ধরা পড়েছে। জুভেন্টাসের মেডিকেল স্টাফরা জানিয়েছেন, দুই সপ্তাহ পর নতুন পরীক্ষার মাধ্যমে তার শারীরিক অবস্থা আবার মূল্যায়ন করা হবে। তবে ধারণা করা হচ্ছে, বোগাকে অন্তত ৩ থেকে ৫ সপ্তাহের জন্য মাঠের বাইরে কাটাতে হবে।
এই দুই নতুন ধাক্কার আগে থেকেই তুরিনের ক্লাবটি বড় ধরনের খেলোয়াড় সংকটে ভুগছিল। মিলানের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচের দলেই তারা চোটের কারণে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পায়নি। এই তালিকায় ছিলেন কেনান ইলদিজ, খেফরেন তুরাম, ওয়েস্টন ম্যাককেনি, জেফ একাটর, হুয়ান কাবাল, আন্দ্রেয়া ক্যাম্বিয়াসো এবং পেপ মাতার সার। নতুন করে লোকাতেল্লি ও বোগার চোট জুভেন্টাসের কোচিং স্টাফদের কপালে চিন্তার ভাঁজ আরও বাড়িয়ে দিল।

