ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপাজয়ী তুরস্কের নারী জাতীয় ভলিবল দল এবং আন্তর্জাতিক অঙ্গনে পদকজয়ী অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। গত মঙ্গলবার আঙ্কারার প্রেসিডেন্ট কমপ্লেক্সে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে এরদোয়ান ২০২৬ সালের সিইভি (CEV) ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় শিরোপা জয়ের ঐতিহাসিক সাফল্যকে বিশেষভাবে প্রশংসা করেন। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী অন্যান্য তুর্কি ভলিবল খেলোয়াড়দেরও অভিনন্দন জানান তিনি। এ সময় ক্রীড়া খাতে সরকারের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, "ক্রীড়া ক্ষেত্রে, বিশেষ করে ভলিবলে আমরা যে বিশাল বিনিয়োগ করেছি, তার ফলাফল দেখতে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।"
২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস গ্রীষ্মকালীন অলিম্পিকের দিকে ইঙ্গিত করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, এই অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে তুরস্ক। অলিম্পিকেও দলটির চ্যাম্পিয়ন হওয়ার সক্ষমতা নিয়ে তার মনে "কোনো সন্দেহ" নেই। তিনি আরও যোগ করেন, "আমরা বিশ্বাস করি, নিজেদের ওপর আমাদের আস্থা আছে। আল্লাহর ইচ্ছায় আমরা সফল হব।"

