ভেনিস চলচ্চিত্র উৎসবের পর্দা নামতে চলেছে। দুই সপ্তাহব্যাপী এই উৎসবের সমাপনী দিনে শনিবার ঘোষণা করা হবে প্রধান পুরস্কারগুলো। এবারের আসরে গোল্ডেন লায়ন জয়ের দৌড়ে অন্যতম শীর্ষ প্রতিযোগী হিসেবে উঠে এসেছে গাজায় ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যা নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘নাজা’ (NAZA)।
অস্কারজয়ী নির্মাতা যুগল ইউভাল আব্রাহাম ও র্যাচেল সজর পরিচালিত এই তথ্যচিত্রটি বৃহস্পতিবার প্রিমিয়ারের পর রেকর্ড ২৫ মিনিট দাঁড়িয়ে হাততালি (স্ট্যান্ডিং ওভেশন) লাভ করে। ‘স্ক্রিন’ ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচকদের মাঝে এটিই এখন পর্যন্ত উৎসবের সর্বোচ্চ রেটিং পাওয়া সিনেমা।
‘নাজা’ তথ্যচিত্রটি মূলত ২৪ জন ইসরায়েলি হুইসেলব্লোয়ারের (ভেতরের তথ্য ফাঁসকারী) সাক্ষ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যাদের পরিচয় ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করা হয়েছে। তারা অবরুদ্ধ গাজায় ইসরায়েলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত টার্গেটিং ব্যবস্থা এবং নির্বিচার বোমা হামলার প্রত্যক্ষ বিবরণ দিয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত ৭৩,৫০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া একজন ব্যক্তি রিমোট বা দূর নিয়ন্ত্রিত হামলার কথা উল্লেখ করে জানান, এই টার্গেটিং সিস্টেম পরিচালনা করা ছিল অনেকটা "ভিডিও গেম খেলার মতো"।
এই তথ্যচিত্রটির বিপুল সাড়া ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা পরিস্থিতিকে আবারও সবার মনোযোগের কেন্দ্রে নিয়ে এসেছে। গত বছরের আসরেও ইসরায়েলি বাহিনীর হাতে গাজায় নিহত পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজবকে নিয়ে নির্মিত ডকুড্রামা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ তৎকালীন রেকর্ড ২৩ মিনিট দাঁড়িয়ে হাততালি পেয়েছিল। তবে প্রবল প্রশংসা সত্ত্বেও চলচ্চিত্রটি দ্বিতীয় অবস্থানে শেষ করে এবং সেবার গোল্ডেন লায়ন জয় করে জিম জারমুশের ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’।
এবারের গোল্ডেন লায়নের দৌড়ে ‘নাজা’ ছাড়াও বেশ কয়েকটি চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়ার নির্মাতা লি চ্যাং-ডং-এর ‘পসিবল লাভ’, মার্টিন ম্যাকডোনাঘের ‘ওয়াইল্ড হর্স নাইন’ এবং হিরোকাজু কোরে-এদার ‘লুক ব্যাক’। এছাড়া প্রতিযোগিতায় রয়েছে সোভিয়েত পারমাণবিক পদার্থবিদ লেভ ল্যান্ডাওয়ের জীবন অবলম্বনে নির্মিত ‘ডিএইউ’ (DAU); ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’-এর চুলচেরা বিশ্লেষণ নিয়ে ড্যানি বয়েলের ‘ইনক’; এবং রবার্ট প্যাটিনসন অভিনীত ‘প্রাইমটাইম’, যেখানে তাকে পেডোফাইল বা শিশু নির্যাতনকারীদের সন্ধানকারী একজন উচ্চাভিলাষী টেলিভিশন উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে।
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার গোল্ডেন লায়ন জয় করলে তা হলিউডের আসন্ন পুরস্কারের মৌসুমে যেকোনো সিনেমার সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দেয়। ‘নাজা’ যদি এই পুরস্কার জয় করে, তবে তা একটি বড় রাজনৈতিক বার্তা দেবে। কারণ এটি ইসরায়েলি সামরিক বাহিনীর ভেতরের মানুষদের জবানবন্দিতে গাজায় চালানো ইসরায়েলি গণহত্যার চিত্র এবং ফিলিস্তিনিদের দুঃখ-দুর্দশাকে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বৃহত্তম মঞ্চে তুলে ধরেছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (১৭০০ জিএমটি) ভেনিস উৎসবের সমাপনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।

