প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ৩৫
রাজশাহীর তানোরে শিক্ষার্থীদের পাঠ দক্ষতা বৃদ্ধি ও বই পড়ার আগ্রহ তৈরিতে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ের পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এফএইচ অ্যাসোসিয়েশন, তানোর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের administrator বা প্রশাসক নাঈমা খান। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এফএইচ অ্যাসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মাসুদ রানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা ব্যবস্থাপক (এসএফডিএফ) রাজিব বর্মণ এবং এফএইচ অ্যাসোসিয়েশনের প্রকল্প সমন্বয়কারী বিমল হেমরম। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণমাধ্যমকর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং এফএইচ অ্যাসোসিয়েশনের তানোর শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের আওতায় তানোর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পর্যায়ক্রমে পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ধাপে প্রতিযোগিতার পর উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। এই কৃতি শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ দিতেই পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেওয়ার পাশাপাশি শিশুদের মাঝে চেয়ার-টেবিলসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মধ্যে আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করা জরুরি। ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমটি শিক্ষার্থীদের পাঠ দক্ষতা বাড়ানোর পাশাপাশি বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মের পড়ার অভ্যাস গঠনে অত্যন্ত সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

