প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ০৯। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সন্তান অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা তিনটার দিকে মায়ের আইফোনটি নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের ঘটনায় শিক্ষিকা ড. নাহিদা বেগম শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রযুক্তির সহায়তায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আইফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত করে। এরপর শনিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের সানন্দা এলাকার একটি পাহাড়ি টিলা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কাছে নিজের সন্তানের হত্যাকাণ্ডের বিচার চেয়ে ড. নাহিদা বেগম আহাজারি করে বলেন, 'আমার এতটুকু ছেলে, তার কী দোষ ছিল? সে কী অন্যায় করেছিল যে তাকে এভাবে মেরে ফেলা হলো? আমি তো কুমিল্লায় শুধু চাকরি করতে এসেছি, এটাই কি আমার অপরাধ? আমি এখন কী নিয়ে বাঁচব?'

