দুবাইতে বৃহস্পতিবার (১ অক্টোবর) অনুষ্ঠিত আইএলটি২০-এর পঞ্চম মৌসুমের খেলোয়াড় নিলামে ইতিহাস গড়েছেন আফগানিস্তানের বাঁহাতি পেসার ফজলহক ফারুকী। ফ্র্যাঞ্চাইজি এমআই এমিরেটস তাকে ৩ লাখ ৮০ হাজার ডলারে দলে নিয়েছে, যা আইএলটি২০ নিলামের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে এই রেকর্ডটি ছিল আন্দ্রে ফ্লেচারের দখলে, যাকে চতুর্থ মৌসুমে এমআই এমিরেটস ২ লাখ ৬০ হাজার ডলারে কিনেছিল।
এবারের নিলামে ফারুকী ছাড়াও আরও তিনজন খেলোয়াড় আগের রেকর্ড ভেঙেছেন। ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে ৩ লাখ ৫০ হাজার ডলারে কিনেছে গালফ জায়ান্টস। এছাড়া গালফ জায়ান্টস তাদের রাইট-টু-ম্যাচ (আরটিএম) অপশন ব্যবহার করে রহমানউল্লাহ গুরবাজকে ৩ লাখ ১০ হাজার ডলারে এবং ফাফ ডু প্লেসিকে ৩ লাখ ডলারে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস।
বর্তমান চ্যাম্পিয়ন ডেজার্ট ভাইপারস তাদের দলে চারজন পাকিস্তানি তারকাকে ৮ হাজার ডলারের ভিত্তিমূল্যে অন্তর্ভুক্ত করেছে। তারা হলেন বাবর আজম, নাসিম শাহ, ফখর জামান এবং শাদাব খান। এর মধ্যে বাবর আজম প্রথমবারের মতো আইএলটি২০-তে খেলতে নামবেন, আর নাসিম ও ফখর পুনরায় ভাইপারসের হয়ে খেলবেন।
সংযুক্ত আরব আমিরাতের খেলোয়াড়দের মধ্যে মোহাম্মদ ওয়াসিম সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন। এমআই এমিরেটস তাদের আরটিএম ব্যবহার করে তাকে ২ লাখ ১০ হাজার ডলারে ধরে রেখেছে। এছাড়া আলিশান শারাফুকে ১ লাখ ১০ হাজার ডলারে দলে নিয়েছে আবুধাবি নাইট রাইডার্স। মোহাম্মদ রোহিদ এবং আয়ান খানকে যথাক্রমে ৯৫ হাজার ডলারে নাইট রাইডার্স ও দুবাই ক্যাপিটালস কিনেছে।
অ্যাসোসিয়েট দেশগুলোর খেলোয়াড়দের মধ্যে যুক্তরাষ্ট্রের আমশি ডি সিলভাকে ১ লাখ ডলারে আবুধাবি নাইট রাইডার্স এবং হাসান খানকে ৯০ হাজার ডলারে দুবাই ক্যাপিটালস দলে নিয়েছে। স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমুলেনকে ৮০ হাজার ডলারে শারজাহ ওয়ারিয়র্স এবং নামিবিয়ার ডেভিড উইসেকে ৭০ হাজার ডলারে গালফ জায়ান্টস কিনেছে।
অন্যান্য উল্লেখযোগ্য চুক্তির মধ্যে নাইট রাইডার্স মঈন আলীকে ৮০ হাজার ডলার, গুলবাদিন নায়েবকে ৭৫ হাজার ডলার এবং আরব গুলকে ৮০ হাজার ডলারে সই করিয়েছে। এমআই এমিরেটস ক্রিস জর্ডানকে ১ লাখ ৭০ হাজার ডলার এবং লিজাড উইলিয়ামসকে ১ লাখ ১০ হাজার ডলারে নিয়েছে, পাশাপাশি আরটিএম ব্যবহার করে এএম গজানফারকে ১ লাখ ৫০ হাজার ডলারে ধরে রেখেছে। শারজাহ ওয়ারিয়র্স রিচার্ড গ্লিসনকে ১ লাখ ৮০ হাজার, মোহাম্মদ নবীকে ১ লাখ ৪০ হাজার এবং পল ওয়াল্টারকে ১ লাখ ১০ হাজার ডলারে দলে যুক্ত করেছে। এছাড়া গালফ জায়ান্টস আলজারি জোসেফকে ২ লাখ ৩০ হাজার ডলারে এবং দুবাই ক্যাপিটালস আরটিএম ব্যবহার করে দাসুন শানাকাকে ১ লাখ ডলারে ও ম্যাক্স হোল্ডেনকে ১ লাখ ডলারে সই করিয়েছে।

