জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাতিসংঘে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত আহমেত ইলদিজ, ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূত সেদাত ওনাল, নিউইয়র্কে তুরস্কের কনসাল জেনারেল মুহিত্তিন আহমেত ইয়াজালসহ ঊর্ধ্বতন কূটনৈতিক কর্মকর্তারা।
ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দর থেকে প্রেসিডেন্ট বিমানে সফর শুরু করেন এরদোয়ান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান এবং একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে পররাষ্ট্রন্ত্রী হাকান ফিদান, বিচারমন্ত্রী আকিন গুরলেক, অর্থ ও কোষাগার মন্ত্রী মেহমেত সিমসেক, জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) প্রধান ইব্রাহিম কালিন এবং যোগাযোগ পরিচালক বুরহানিত্তিন দুরান অন্তর্ভুক্ত রয়েছেন।
আগামী মঙ্গলবার সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বিতর্কের উদ্বোধনী দিনে এরদোয়ান তার বার্ষিক ভাষণ দেবেন। এটি জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে তার ১৬তম উপস্থিতি। তার ভাষণে গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন, ফিলিস্তিন রাষ্ট্রকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তা এবং তেল আবিবের বিরুদ্ধে সম্ভাব্য বৈশ্বিক কূটনৈতিক পদক্ষেপের বিষয়গুলো প্রাধান্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া তিনি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিশ্বনেতাদের একটি কঠোর সম্মিলিত অবস্থান নেওয়ার আহ্বান জানাবেন বলে আশা করা হচ্ছে।
সফরকালে এরদোয়ান বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এছাড়া বুধবার জাতিসংঘ মহাসচিবের জলবায়ু সম্মেলনেও তিনি বক্তব্য রাখবেন। উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরে তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কপ-৩১ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

