প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১: ৪৭। দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার বিকেলে নোয়াখালী জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বিকেলে জেলা শহরের মাইজদী টাউন হল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায় এবং তারা পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে স্লোগান দেন। মিছিলের আগে টাউন হল মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম কিরণ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিম উল্লাহ বাহার হিরন চেয়ারম্যান, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, ভিপি জসিম উদ্দিন এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব জাহাঙ্গীর আলম কালা।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাফর উল্লাহ রাসেল, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল করিম মুক্তা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজর উদ্দিন দুখুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার লক্ষ্যে একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতা বা সন্ত্রাস কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা রাষ্ট্রের দায়িত্ব। যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তারা প্রশাসনের প্রতি দাবি জানান।

