প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৫৮। নেত্রকোনার মদন উপজেলায় জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শামসুল হক চ্যাম্পিয়নের মোটরসাইকেল চুরির ঘটনায় মো. মাজারুল ইসলাম জয় (২৬) নামের এক বহিষ্কৃত ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার সকালে মদন উপজেলার দৌলতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আল আক্কাসের জানাজায় অংশ নিতে যান শামসুল হক চ্যাম্পিয়ন। সেখানে তিনি তার কালো ও নীল রঙের ১৫০ সিসির পালসার মোটরসাইকেলটি রেখে জানাজায় অংশ নেন। পরে ফিরে এসে দেখেন তার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মদন থানায় একটি অভিযোগ দায়ের করেন। চুরি যাওয়া মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।
মদন থানার ওসি সালাউদ্দিন করিমের তত্ত্বাবধানে শুরু হওয়া তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে জয়কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া জয় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী এলাকার বাসিন্দা এবং আঠারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ জানান, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৫ সালের ২৪ জুলাই জয়কে ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
পুলিশ জানায়, জয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দরগাহ রোড এলাকায় আঃ লতিফের চায়ের দোকানের পাশে একটি পরিত্যক্ত স্থান থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। ওসি সালাউদ্দিন করিম আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

