স্পেনে ৮৭ বছর বয়সী এক বৃদ্ধাকে উচ্ছেদের ঘটনা দেশটির আবাসন সংকটকে কেন্দ্র করে তীব্র জনরোষের জন্ম দিয়েছে। এই ঘটনাটি প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন প্রগতিশীল সরকারের ওপর আবাসন খরচ কমানোর জন্য ব্যাপক চাপ সৃষ্টি করেছে। আগামী বছর জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার সংকটের সমাধানে জরুরি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। শুক্রবার পার্লামেন্টে এই সংক্রান্ত জরুরি ব্যবস্থার প্যাকেজ নিয়ে ভোট হওয়ার কথা রয়েছে, যেখানে সংখ্যালঘু জোট সরকারকে ছোট কয়েকটি দলের সমর্থন নিতে হবে।
স্পেনে আবাসন সংকট দীর্ঘদিনের, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে এবং ভোটারদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। তরুণ এবং দরিদ্র জনগোষ্ঠী এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)-এর তথ্য অনুযায়ী, স্পেনে সরকারি মালিকানাধীন ভাড়ার বাড়ির হার ২ শতাংশের কম, যেখানে ইউরোপীয় ইউনিয়নের গড় ৮ শতাংশ। রিয়েল এস্টেট ওয়েবসাইট আইডিয়ালিস্টা-এর মতে, গত ১০ বছরে স্পেনে গড় বাড়ি ভাড়া প্রায় দ্বিগুণ হয়েছে। ২০১৬ সালে প্রতি বর্গমিটারের ভাড়া ৮.২০ ইউরো (৯.৩০ ডলার) থেকে বেড়ে বর্তমানে ১৫.১ ইউরো (১৭.১৫ ডলার) হয়েছে। এছাড়া, স্পেনের ২৬ শতাংশ ভাড়াটে তাদের আয়ের ৪০ শতাংশই বাড়ি ভাড়া ও ইউটিলিটি বিলের পেছনে ব্যয় করেন, যা ইইউর ১৮ শতাংশ গড়ের তুলনায় অনেক বেশি।
মারিকারমেন নামে পরিচিত ৮৭ বছর বয়সী ওই বৃদ্ধাকে হুইলচেয়ারে থাকা অবস্থায় স্ট্রেচারে করে তার অ্যাপার্টমেন্ট থেকে বের করে আনার দৃশ্য টেলিভিশনে প্রচার হওয়ার পর মাদ্রিদসহ সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মারিকারমেন হাসপাতালের বিছানা থেকে রেকর্ড করা এক ভিডিও বার্তায় বলেন, নিজের বাড়ি রক্ষা করতে না পারলেও তিনি অন্যদের অধিকারের জন্য লড়াই করতে শিখিয়েছেন। যদিও ওই রিয়েল এস্টেট কোম্পানি শেষ পর্যন্ত তাকে পুনরায় অ্যাপার্টমেন্টে ফেরার অনুমতি দিয়ে সমঝোতায় পৌঁছেছে, তবে মারিকারমেন এখন স্পেনের আবাসন সংকটের প্রতীক হয়ে উঠেছেন।
সরকার বিক্ষোভ প্রশমিত করতে দুটি ডিক্রির মাধ্যমে নতুন আবাসন নীতিমালা ঘোষণা করেছে। প্রথম ডিক্রিতে ২০২৮ সাল পর্যন্ত ভলচার ফান্ডের রিয়েল এস্টেট ফটকাবাজি বন্ধে সম্পত্তির বাজার মূল্যের ৭০ শতাংশের নিচে ক্রয় নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ২০৩০ সাল পর্যন্ত অরক্ষিত ভাড়াটেদের উচ্ছেদ নিষিদ্ধ এবং স্বল্পমেয়াদী ভাড়ার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। দ্বিতীয় ডিক্রিতে পাঁচ বছর মেয়াদী আবাসিক ইজারা স্বয়ংক্রিয়ভাবে নবায়নের বিধান রাখা হয়েছে। আবাসন মন্ত্রী ইসাবেল রদ্রিগেজ জানিয়েছেন, মালিক যদি চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভাড়াটেদের বের করে দিতে চান, তবে তাকে এক বছরের ভাড়ার সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। তবে এসব পদক্ষেপ সত্ত্বেও পার্লামেন্টের অদূরে আন্দোলনরত ভাড়াটেদের সংগঠন 'সিন্ডিকেটো দে ইনকুইলিনা'র বিক্ষোভ এখনো অব্যাহত রয়েছে।

