কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে বাসের ধাক্কায় ভ্যান দুমড়ে-মুচড়ে গিয়ে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের আমতলা মাদরাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া এলাকার স্বস্তিপুর গ্রামের হাসেম আলীর স্ত্রী ভানুমতি এবং মিরপুর উপজেলার নওদা আজমপুরের আব্দুল সাত্তারের ছেলে ভ্যানচালক কামরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ভ্যানটি কয়েকজন যাত্রী নিয়ে যাওয়ার সময় হঠাৎ এক্সেল ভেঙে সড়কের ওপর পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই ভ্যানযাত্রী ভানুমতি মারা যান।
দুর্ঘটনায় ভানুমতির সঙ্গে থাকা তার মেয়ে হাসিনা এবং ভ্যানচালক কামরুল ইসলাম গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় কামরুল ইসলাম মারা যান। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

