‘করব কাজ, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহনে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কর্মসূচি-২০২৬ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কৃষকদের আর্থ-সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নত করা। সরকার কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তিভিত্তিক, জলবায়ুসহিষ্ণু ও টেকসই কৃষি ব্যবস্থা প্রবর্তনের লক্ষে এই কার্ড বিতরণ কার্যক্রম গ্রহণ করেছে। কর্মসূচির প্রথম পর্যায়ে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৩টি ওয়ার্ডের ২,২১৮ জন কৃষককে কার্ড ও কৃষি উপকরণ প্রদান করা হয়। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে এই বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে লালমোহন উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদ, ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খাইরুল ইসলাম মল্লিক এবং ট্রেনিং অফিসার ড. শামীম আহমেদ। এছাড়াও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক এবং উপজেলা কৃষি কর্মকর্তা শাহ মো. আরিফুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং প্রান্তিক কৃষকরা অংশগ্রহণ করেন।

